২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে এরশাদুল বারী অপসারিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এরশাদুল বারীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ড. বারীর অপসারণের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।  আগামী দুই--একদিনের মধ্যে এ সংক্রান্ত আদেশ জারি হবে।

গত জোট সরকার ২০০১ সালে ৫ বছর মেয়াদে উপাচার্য পদে তাকে নিয়োগ দেন। এ পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই এরশাদুল বারীর বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠতে থাকে। তবে বিএনপি--জামায়াতের সরকার ওইসব অভিযোগে কান না দিয়ে ২০০৬ সালে শেষ দিকে উপাচার্য হিসেবে তাকে দ্বিতীয় দফায় আরও পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।   

ফখরুদ্দীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ ড. বারীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে নামে। ইউজিসি সদস্য অধ্যাপক তারেক শামসুর রেহমানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তদন্তে ইউজিসির অনুমোদন ছাড়াই বিপুল সংখ্যক নিয়োগ, উপাচার্যের নির্ধারিত বাসভবন ব্যবহারের পাশাপাশি মাসিক ৩৫ হাজার টাকায় ভাড়ায় আরেকটি ফ্লাট ভাড়া করাসহ বেশ কিছু অনিয়ম ধরা পড়ে।

উপাচার্যের নির্ধারিত বাসভবন ব্যবহার অযোগ্য ঘোষণা করে এরশাদুল বারী নিজে তার স্ত্রীর মালিকানাধীন ফ্ল্যাটটি ভাড়া করে।

এছাড়াও তদন্ত কমিটি এরশাদুল বারীর বিরুদ্ধে পরীক্ষায় অনিয়মের সন্ধান পায়। তদন্ত কমিটি তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে। তদন্ত কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গত মঙ্গলবার রিপোর্ট পেশ করে।

শিক্ষা মন্ত্রণালয় এই তদন্ত প্রতিবেদনের অনুলিপি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। এর পাশাপাশি তার পদ থেকে অপসারণ সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।