বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আসামী মহিউদ্দিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার
বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আসামী এ কে এম মহিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। লস এঞ্জেলেস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, ৬০ বছর বয়সী এ কে এম মহিউদ্দিনকে তার বাসা থেকেই মঙ্গলবার গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বুধবার তারা খবরটি প্রকাশ করে।
লস এঞ্জেলেসের অভিবাসন বিভাগের কর্মকর্তা ব্রায়ান ডি--মোর রয়টার্সকে বলেন, “তিনি একজন সন্দেহভাজন বিদেশি। আর এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”
১৯৯৬ সালে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে যান মহিউদ্দিন আহমেদ। পরে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেন। কিন্তু গত মাসে সান ফ্রান্সিসকোর আদালত তার আবেদন নাকচ করে দেয়।
১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় রায়ে আদালত সাবেক সেনা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিনসহ ১০ জনকে মৃত্যুদণ্ড দেয়। পরে উচ্চ আদালতও ওই রায় বহাল রাখে। মহিউদ্দিনের অনুপস্থিতিতেই এ রায় হয়।
এদিকে একেএম মহিউদ্দিনের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এ মামলার রাষ্ট্রপক্ষের সাবেক বিশেষ কৌঁসুলি আনিসুল হক নফহবংি২৪.পড়স কে বলেছেন, এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মহিউদ্দিনকে এখন দেশে ফিরিয়ে আনতে হবে। এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন,“বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মহিউদ্দিনকে ফিরিয়ে আনা সময় সাপেক্ষ। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির উদ্যোগ আওয়ামী লীগের আমলে নেওয়া হলেও তা বা¯তবায়িত হয়নি। অন্য পথ রয়েছে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা। এ পথেই তাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনা সম্ভব। কারণ বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামীদের বিরুদ্ধে ইন্টারপোলে আšতর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা আছে।”
আনিসুল হক আরও বলেন, “বঙ্গবন্ধু হত্যা মামলার এক পলাতক আসামী ধরা পরায় এটা মনে করা স্বাভাবিক যে, যুক্তরাষ্ট্রে আরও পলাতক আসামী রয়েছে। তারা সেখানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যাওয়ায় তার নিরাপত্তা জোরদার করার দাবি জানান তিনি।
বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি কবে শুরু হবে এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “মামলাটি এখন সরকারের হাতে। সরকার চাইলে এবং প্রয়োজনীয় সংখ্যক বিচারক থাকলে আপিলের শুনানি শুরু হতে পারে।”
বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ পলাতক আসামীর মধ্যে এখনও ৬ জন পলাতক রয়েছে। তারা হল লেঃ কর্নেল রশিদ, লেঃ কর্নেল শরিফুল হক ডালিম, লেঃ কর্নেল নুর, রিসালদার মোসলেমউদ্দিন, লেঃ কর্নেল রাশেদ চৌধুরী ও কর্নেল মাজেদ। আরেক পলাতক আসামী আজিজ পাশা ইতোপূর্বে জিম্বাবুয়েতে মারা গেছেন।
