সনদ ফেরত চেয়ে চিঠি পাঠাতে শুরু করেছে চবি
ফলাফল জালিয়াতির দায়ে অভিযুক্তদের কাছে সনদপত্র ফেরত চেয়ে চিঠি পাঠাতে শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ফলাফল বাতিল হওয়াদের প্রথমদফা গেজেটে স্থান পাওয়া বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজীসহ ৫০ জনের কাছে বুধবার থেকে চিঠি পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, চিঠিতে ওই ৫০ জন সাবেক শিক্ষার্থীকে তাদের এলএলবির ডিগ্রি বাতিল করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। একইসাথে তারা বিশ্ববিদ্যালয় থেকে যে সাময়িক বা মূল সনদপত্র কিংবা নম্বরপত্র উত্তোলন করেছেন তা ফেরত দিতে বলা হয়েছে।
জালিয়াতির কারণে সিন্ডিকেট সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর ১০ মার্চ প্রথম দফায় ৫০ জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়। এরা সবাই এলএলবি সনদধারী।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় ১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত পরীক্ষাগুলোতে জালিয়াতির মাধ্যমে ডিগ্রীধারী ৪৪০০ জনের ফলাফল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
