চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, একজন জখম
নগরীর চন্দনপুরা এলাকার বৃহস্পতিবার দুপুরে এক গাড়ি ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। লুটপাটে বাধা দেওয়ায় ডাকাতরা একজনকে কুপিয়ে জখম করে।
পুলিশ ও বাসার লোকজন জানান, বেলা ১২টার দিকে সাত/আটজন ডাকাত কৌশলে গাড়ি ব্যবসায়ী জাভেদ আফসার চৌধুরীর বাড়িতে ঢোকে। তারা অস্ত্রের মুখে বাসার লোকদের একটি কক্ষে আটকে রেখে লুটপাট চালায়।
ডাকাতরা কমপক্ষে ১০০ ভরি স্বর্ণালংকার, একটি দামি হিরার গহনা ও নগদ কয়েক লাখ টাকা নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ডাকাতদের চাপাতির আঘাতে গুরুতর আহত শাহজাদী আফসার চৌধুরীকে (৫৫) প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাড়ির মালিক জাভেদ আফসার চৌধুরীর মা।
জাভেদ আফসার চৌধুরীর নগরীতে এনএসি অটোমোবাইল নামে একটি গাড়ির শো--রুম রয়েছে।
কোতয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই পারভীন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিকাল সাড়ে চারটা পর্যন্ত কোনো মামলা হয়নি।
