২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ না করে সনদ বাতিল চ্যালেঞ্জ করেছেন ফয়জী

এলএলবি সনদ বাতিল ও প্রকাশিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচরপতি ফয়সল মাহমুদ ফয়জী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি আবদুল আওয়ালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিচারপতি ফয়জীর পক্ষে তার চাচাতো ভাই আইয়ুব হায়দার হলফনামা দিয়ে রিট দায়েরের অনুমতি চান। কিন্তু হাইকোর্ট বিচারপতি ফয়জীকেই এ হলফনামা করার নির্দেশ দিলে ফয়জী নিজেই রিটটিতে হলফনামা দায়ের করেন।

এদিকে যেকোনো নাগরিকের রিট মামলা করার অধিকার থাকলেও বিচারক হিসেবে ফয়জীর এ মামলা দায়েরের ফলে আইন অঙ্গণ ও  বিচার বিভাগ আরও বিব্রতকর পরিস্থতিতে পড়ছে বলে মনে করছেন বিচারক ও সিনিয়র আইনজীবীরা।

তারা বলছেন, বিচারক হিসাবে ফয়জীর প্রতি জনগণের আস্থা না থাকায় তার উচিত জাতিকে চ্যালেঞ্জ না ছুঁড়ে দিয়ে বিচার বিভাগকে বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করার জন্য অবিলম্বে পদত্যাগ করা।

বিচারপতি ফয়জীর রিট দায়েরের বিষয়ে জানতে চাওয়া হলে হাইকোর্টের একজন সিনিয়র বিচারক নাম প্রকাশ না করার শর্তে  নফহবংি ২৪.পড়স--কে বৃহস্পতিবার দুপুরে বলেছেন, এ রিট দায়ের করা পাগলামি ছাড়া আর কিছু নয়। বিচারপতি ফয়জীর উচিত পদত্যাগ করে বিদায় নেওয়া। প্রথম যখন তার সনদ নিয়ে প্রশ্ন উঠেছিল তখনই তার পদত্যাগ করা উচিত ছিল।

ওই বিচারক আরও বলেন, “আমরা খুবই বিব্রতকর অবস্থায় রয়েছি। আমাকে অনেক সামাজিক অনুষ্ঠানে প্রশ্ন করে, তোমার সনদ ঠিক আছে তো?” তিনি বলেন, এই বিব্রতকর  অবস্থা থেকে বিচার বিভাগকে মুক্তি দেওয়ার জন্য বিচারপতি ফয়জীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

অন্যদিকে বৃহস্পতিবার বিচারপতি ফয়জীর ছুটি শেষ হয়ে যাওয়ায় তিনি ২৫ মার্চ পর্যন্ত তা বাড়ানোর আবেদন করেছেন। ফয়জীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লেখা প্রধান বিচারপতির চিঠির কোন উত্তর এখনও আসেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীসহ দুই হাজার ৪শ জনের সনদ বাতিল করে। ১০ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সনদ বাতিলের বিষয়টি গেজেটে প্রকাশ করে। সনদ বাতিলের সিদ্ধান্তের পর ৪ মার্চ থেকে বিচারপতি ফয়জী ছুটিতে চলে যান।

নামপ্রকাশে অনিচ্ছুক এক বিচারক বলেন, রিট করার অধিকার অন্যদের মতো বিচারপতি ফয়জীরও রয়েছে। তবে বিচারক পদ কোনো চাকরি নয়। বিচার প্রার্থী জনগণের কোনো বিচারকের প্রতি আস্থা না থাকলে তার ঐ পদে জোর করে থাকা উচিত নয়।

সাবেক বিচারপতি ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী বলেছেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের এবং আইন উপদেষ্টার অনুরোধ উপেক্ষা করে রিট করেছেন বিচারপতি ফয়জী। তিনি রিট মামলা দায়ের করে সবার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

ব্যারিস্টার চৌধুরী আরও বলেন, বিচারকের পদ আস্থার পদ। সে আস্থা মরে গেছে। বিচারকের পদ থেকে তার চলে যাওয়া উচিত। যত শিগগির সম্ভব বিচারপতি ফয়জীর পদত্যাগ করা উচিত।

বিচারপতি ফয়জীর কৌঁসুলি ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বলেন, ১৮ বছর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারপতি ফয়জীকে হেয় প্রতিপন্ন করার জন্য সনদ বাতিল করেছে। রিট চলাকালে বিচারপতি ফয়জী দায়িত্ব পালন করতে পারবেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একক এখতিয়ার প্রধান বিচারপতির।

সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী ও এএফএম মেজবাহ উদ্দিন বলেন, বিচারপতি ফয়জীর বিচারক থাকার কোনো আইনগত নৈতিক অধিকার নেই। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত।