২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা,খালেদা ও হাসিনার অভিনন্দন

বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ, সরকার প্রধান ফখরুদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পৃথকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শনিবার বাংলাদেশ ক্রিকেট দল ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘বি’ গ্র“পের ম্যাচে প্রতিপক্ষ ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশে উৎসবের রং ছড়িয়ে দেয়।

প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ এক বিবৃতিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিজয়ে ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়ের দৃঢ়তা, টিমওয়ার্ক, আত্মপ্রত্যয় এবং অল রাউন্ড নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার এই মাসে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের প্রতিটি খেলায় ভালো করবে।

খালেদা জিয়া এক অভিনন্দনবার্তায় বলেন, ‘এ বিজয় অস্মরনীয় বিজয়। আমাদের খেলোয়াড়রা দেশপ্রেম, অঙ্গীকার ও পেশাদারিত্বের সমন্বয় ঘটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছে। সামনের খেলাগুলোতেও তারা বিজয়ের এই ধারা অব্যহত রাখবে।’ তিনি বাংলাদেশ দলের কোচ, ম্যানেজার, খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় বলেন, “আমাদের ছেলেরা প্রমাণ করেছে, শত সীমাবদ্ধতার পরেও দেশপ্রেম, অঙ্গীকার ও পেশাদারিত্বের সমন্বয়ে বাংলাদেশ ক্রিকেট দল আজ প্রতিষ্ঠিত দলগুলোর সমীহ আদায়ে যোগ্য।”

সামনের দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেট দল আরও বেশি সাফল্য নিয়ে আসবে বলেও তিনি অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন।

ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী এক অভিনন্দন বার্তায় দলের প্রতিটি খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ পরবর্তী ম্যাচ দুটিতে ভাল খেলে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় পর্বে খেলতে সক্ষম হবে।

পররাষ্ট উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী এক বার্তায় বলেন, “এ বিজয় আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন উদ্দীপনার সঞ্চার করবে।”