২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানজারুলকে জয় উৎসর্গ করলো বাংলাদেশ দল

নামের মাধ্যমে বিশেষ কোনো জাতীয় উপলক্ষ কিংবা কারো অসাধারণ অর্জনকে ধরে রাখার চল আছে বাংলাদেশে। নবজাতকের নামের ক্ষেত্রেই কেবল এমনটা হয়ে থাকে। খুব বেশিদিন আগের কথা নয়। ড. মুহাম্মদ ইউনূস নোবেল পাওয়ার পর তার নামে নাম রাখার হিড়িক যেমন পড়ে গিয়েছিল! পড়তে পারে ১৭ মার্চ পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের বিকেলটা বাংলাদেশ ক্রিকেট দল শুধুই নিজেদের করে নেওয়ার পরও। এখন জাভেদ ওমর সেই কাজটা করবেন কিনা, সেটা জানার জন্য আরো অপেক্ষা করতে হবে। কারণ এদিন প্রথম বাবা হওয়ার অনন্ত আনন্দের শিহরণ জাগানো খবর শুনেই ঘুম ভেঙ্গেছিল বাংলাদেশ দলের এই ওপেনারের। ত্রিনিদাদ সময় ভোর চারটায় (বাংলাদেশ সময় শনিবার বিকেল তিনটা) তার ঘর আলো করে তো বটেই, হয়তো বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে এনেই পৃথিবীর মুখ দেখেছে জাভেদের পুত্র সন্তান। এদিনই তো ভারতকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি ‘রেড লেটার ডে’র জন্ম দিয়ে ফেলেছেন হাবিবুল বাশাররা। জাভেদ তাই তার ছেলের নাম ‘বিজয়’ রেখে এই অর্জনকে ধরে রাখবেন কিনা, তা নিয়ে ম্যাচ শেষে মাঠেই বিস্তর রসিকতা হয়েছে বলে পোর্ট অফ স্পেন থেকে জানিয়েছেন নফহবংি২৪.পড়স এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

কিন্তু এই আনন্দের মাঝেও আগেরদিন সবাই মিলে একজোট বেঁধে নেওয়া শপথটার কথা ভুলে যাননি ক্রিকেটাররা। “ভালো কিছু করতে পারলে আমরা তা রানাকে উৎসর্গ করবো।” সড়ক দুর্ঘটনায় জীবন দেওয়া মানজারুল ইসলাম  রানার শোককে শক্তিতে পরিণত করার ঘোষণা দিয়ে তা বাস্তবায়নও করার পর সেটাই করলেন বাংলাদেশ অধিনায়ক। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ধারাভাষ্যকার লক্ষণ শিবারাম কৃষ্ণানের সঙ্গে কথা শেষ হওয়ার পর হাবিবুল নিজেই মাইক্রোফোন টেনে নিয়ে বললেন, “আমরা এই জয়টা আমাদের সতীর্থ রানাকে উৎসর্গ করছি।” দলীয় অর্জন রানার তরে উৎসর্গ করেই শেষ নয়। মাশরাফি বিন মর্তুজাও তার ম্যান অফ দি ম্যাচের পুরস্কার প্রিয় বন্ধু রানাকে উৎসর্গ করেছেন বলেই খবর এসেছে পোর্ট অফ স্পেন থেকে।

আর বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখার দাওয়াই এখন বেশ ভালোই জানা হয়ে গেছে বাংলাদেশ দলের। ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামই যেন হয়ে উঠলো কুইন্স পার্ক ওভাল। দুই বছর আগে ভারতের বিপক্ষে ওই জয় দিয়ে নিজেদের শততম ওয়ানডে উদযাপন করেছিল বাংলাদেশ। এবার জয় দিয়ে ১৫০ তম ম্যাচ উদযাপনের সময়ও প্রতিপক্ষ ভারত। এই ম্যাচ শুরুর আগে অবশ্য টস ভাগ্যে হার মানেন হাবিবুল। কিন্তু মধুর এই জয়ের পর সেটাকেই বরং ভালো বলে মনে হচ্ছে বাংলাদেশ অধিনায়কের, “এখন তো মনে হচ্ছে টস হেরে ভালোই হয়েছিল। এটাকে খুব ভালো ব্যাটিং ট্র্যাক বলেই মনে হয়েছিল। কিন্তু উইকেট দেখে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম।” নিজেদের ক্রিকেট জীবনের অন্যতম স্মরণীয় দিন কিনা, এ প্রশ্নের উত্তর দিতে গিয়েও দ্বিধায় তিনি। কারণ বিশ্বকাপে জয়ের মাহাত্মই তো আলাদা। তাই প্রথমে “হ্যাঁ” বললেও পরে আবার যোগ করেছেন, “আসলে বিশ্বকাপে জয় বিশ্বকাপে জয়ই। এটা আলাদা।”

এই জয়ে সুপার এইটের খোলা দুয়ারও দেখতে পাচ্ছেন তিনি, “পরের রাউন্ডে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হল এতে।”

এই জয়ের ভিত তৈরির জন্য শুরুতে ভারতীয়দের একটা প্রবল ধাক্কা দেওয়া জরুরী ছিল। সেটা দেওয়া যাবে বলে যেন একরকম নিশ্চিতই ছিলেন হাবিবুল, “ওয়েস্ট ইন্ডিজে আসার পর থেকেই আমরা জেনে গেছি, নতুন বল একটা কিছু করে দেবেই।” মাশারাফি নতুন বলে জোড়া আঘাত হানার পর শেষপর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে ব্যর্থ ভারতের শক্তিশালী ব্যাটিং মেরুদন্ড। ১৯১ রানে তাদের শেষ করে দেওয়ার পর বাকি কাজটা সেরেছেন ব্যাটসম্যানরা। তবে এখানে তামিম ইকবালকে একটু আলাদা করেই রাখতে হচ্ছে তার, “আমি বলবো জয়ের ভিতটা তামিমই গড়ে দিয়ে গিয়েছিল।” সেই সঙ্গে অধিনায়কের ফুলমার্কস পাচ্ছেন অন্য দুই হাফসেঞ্চুরিয়ানও, “সাকিব অসাধারণ ব্যাটিং করেছে। মুশফিকও তাই।”

আবারো ভারত বধের নায়ক মাশরাফি কী বলেন? ২০০৪ এর ২৬ ডিসেম্বরের মতো এবারো ম্যান অফ দি ম্যাচের ট্রফি শোভা পাচ্ছে তার হাতে। ভারতের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ার আগে কী ছিল তার চিন্তায়? তার  একেবারে সরলরেখা মেনে চলা উত্তর, “আমি শুধু চিন্তা করেছি যে কোনো কিছুই ঘটতে পারে। চেষ্টা করেছি গুড লেন্থ এরিয়াতে বল ফেলতে।”

শিবারাম কৃষ্ণাণ স্মরণ করিয়ে দিলেন এ ম্যাচে তুলনামূলক বেশি গতিতেই বল করেছেন তিনি। তা করলেও ‘নড়াইল এক্সপ্রেস’ এর চিন্তা সেদিকে একদম ছিল না বলেই দাবি করলেন, “গতির দিকে আমার কোনো মনোযোগ ছিল না। মনোযোগ দিয়েছি সঠিক জায়গায় বল ফেলার দিকে।”

এই জয়ের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের ধিক্কারও দিয়েছেন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়, “হতাশার একটা দিনই গেল আমাদের। তারা ভালো বল করেছে। বিশেষ করে স্পিনাররা। আমাদের আরো ২৫/৩০ রান কম করাটাই পার্থক্য গড়ে দিয়েছে। তাছাড়া দারুণ শুরুও পেয়েছিল তারা। কৃতিত্বের পুরোটাই তাদের। অথচ আমাদের দারুণ কোয়ালিটি ব্যাটিং লাইন আপ ছিল। অনেক ভালো খেলা উচিত ছিল আমাদের।”