২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির মালিকানা প্রতিষ্ঠিত করেই র‌্যাংগস ভবন সম্পর্কে সিদ্ধান্ত নেবে সরকার

রাজধানীর বিজয় সরণিতে র‌্যাংগস ভবনের জমির মালিকানা প্রতিষ্ঠা করতে পারলেই এটি ভাঙার নির্দেশ দিতে পারে সরকার। এ ব্যাপারে একটি তদন্ত রিপোর্ট পরীক্ষা করে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

একটি সূত্র অবশ্য জানায়, প্রায় ১০০ কোটি বিনিয়োগ হওয়া ভবনটি না ভেঙে সরকার এর মালিকানা নিয়ে নিতে পারে। সে ক্ষেত্রে ভবনটি দু’পাশ দিয়ে ওয়াই শেপ’এর রাস্তা নির্মাণ করে তেজগাঁও সড়কের সঙ্গে যোগ করে সংযোগসড়কের প্রয়োজনীয়তা মেটানো হবে।

গণপূর্ত মন্ত্রণালয় রহস্যজনক কারণে কঠোর গোপনীয়তার মধ্যে ভবনটির জমির মালিকানা, নকশাসহ অন্যান্য ক্ষেত্রের ত্র“টি চিহ্নিত করার কাজ করছে।

পূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি ২৪.পড়স কে বলেন, “ভবনটি ভেঙে ফেলা হবে না কি সরকারি হেফাজতে নেওয়া হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত  নেবে উপদেষ্টা পরিষদ। তবে এ মুহূর্তে আমাদের যে কাজ করতে বলা হয়েছে তাতে মনে হয় ভবনটি ভেঙে ফেলার পক্ষেই মত দেবেন উপদেষ্টারা”।

র‌্যাংগস ভবনের সার্বিক বিষয়ে তদন্ত করার জন্য পূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব আয়েশা চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি করা হয় ২৭ ফেব্র“য়ারি। কমিটি ১১ মার্চ তাদের প্রতিবেদন দিয়েছে পূর্তসচিব এস এম জাফর উল্লাহ’র কাছে।

মন্ত্রণালয় এখন এই প্রতিবেদন নিয়ে কাজ করছে। সচিবের নেতৃত্বে গত বৃহস্পতিবার সর্বশেষ বৈঠক হয়। কমিটির সুপারিশগুলো  আরো বিশ্লেষণ করে এতে ভবনটির মালিকানা সংক্রান্ত জটিলতা সুনির্দিষ্ট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় ওই বৈঠকে। সুনির্দিষ্টভাবে চিহ্নিত যে কোন একটি ভুল ধরে ভবনের মালিককে দায়ী করা এবং এরপর ভবনটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি সূত্র জানিয়েছে।

রাজউক সূত্র জানায়, রাজউকের প্রকাশিত ঢাকার মাস্টার প্ল্যানে র‌্যাংগস ভবনের জায়গাটিকে সড়কের জন্য নির্ধারিত স্থান হিসাবে দেখানো হয়েছে। এই জায়গায় ভবন নির্মাণের অনুমতি চাইলে প্রথম পর্যায়ে সেটি ত্র“টিপূর্ণ আবেদন হিসাবে বাতিল করে দিয়েছিল সংস্থাটি। পরে অবশ্য ‘রহস্যজনক’ কারণে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, তদন্ত কমিটির সুপারিশে র‌্যাংগস ভবনের জমির মালিকানা সংক্রান্ত সমস্যা, নকশা, বহুতল ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুমতি  সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তাদের প্রতিবেদনে জমির মালিকানার ওপর জোর দেয়া হয়েছে। ভবনটি তেজকুনি পাড়া মৌজার সিএস প্লট নম্বর ১৫৯ এবং ৫২ নম্বর প্লটের একাংশ জুড়ে নির্মাণ করা হয়েছে।  দু’টি প্লটের মধ্যে ১৫৯ নম্বর প্লটে ১২ কাঠা এবং ৫২ নম্বর ্প্লটে আছে নয় কাঠা জমি। এই মোট ২১ কাঠা জমির মালিকানা সংক্রান্ত কোন দলিলপত্র দেখাতে পারেননি ভবনটির মালিক। তদন্ত কমিটি নিবিড় অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে ১৫৯ নম্বর প্লটের জমি ওয়াক্ফ সম্পত্তি এবং ৫২ নম্বর  প্লটের জমি সড়ক ও জনপথ বিভাগের।

রাজউকের সঙ্গে সংশ্লিষ্ট আলাদা একটি সূত্র জানায়, র‌্যাংগস ভবনের বর্তমান মালিকানার দাবিদার আবদুর রউফ চৌধুরী ১৯৮৮ সালে ডিয়ার্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের এমডি হিসেবে বিজয় সরণির পূর্ব দিকের এই জমিতে ১০ তলা শপিং কমপ্লেক্স কাম অফিসভবন নির্মাণের জন্য আবেদন করেন। এরপর ১৯৯০ সালে নকশাটি সংশোধনের জন্য আবদুর রউফ চৌধুরী এবং সুলতানা আখতার খান মজলিস নামে এক মহিলা যৌথভাবে আবেদন করেন রাজউকের কাছে। সংশোধনীতে ১০ তলা ভবনটিকে তারা ২২ তলা করার জন্য নকশা পেশ করেন।

সূত্রটি জানায়, আবেদনে নানা ধরনের ত্র“টি ছিল।  কতটুকু জমির ওপর ভবনটি নির্মাণ করা হবে এ ধরনের কোনো তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। বিমান রুটের ওপর ২২ তলা ভবন নির্মাণ সংক্রান্ত কোনো ছাড়পত্রও এতে দেওয়া হয়নি। এ ধরনের অসম্পূর্ণ নকশা রাজউক অনুমোদন করেছে অনেকটা চাপের মুখে। পূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাও রাজউকের ওপর চাপের বিষয়টি স্বীকার করেছেন। বিভিন্ন পর্যায়ের চাপের কারণেই সে সময় রাজউক র‌্যাংগস ভবনের নকশা অনুমোদন দিয়েছিল বলে কর্মকর্তাটি নফহবংি২৪.পড়সকে জানান। এ বিষয়গুলো তদন্ত রিপোর্টেও উল্লেখ করা হয়েছে।

এই কর্মকর্তা আরো বলেন, ভবনটি সরকারি মালিকানায় নেওয়ার বিষয়টিও বিবেচনায় রেখেছেন উপদেষ্টারা। এর কারণ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ভবনটির পেছনে এক’শ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। ভবনটি ভেঙে ফেলা হলে এই এক’শ কোটি টাকা শেষ হয়ে যাবে। এর চেয়ে সরকারি মালিকানায় নেওয়া হলে পুরো টাকা রক্ষা হবে এবং ভাড়া দিয়ে সরকার আয় করতে পারবে।

তিনি বলেন, ভবনটি সরকার নিয়ে নিলে অবৈধভাবে নির্মাণের জন্য এর মালিকেরও শাস্তি পাওয়া হবে। সেক্ষেত্রে ভবনের দু’পাশ দিয়ে ওয়াই শেপ’এর  রাস্তা নির্মাণ করে মহাখালী--মগবাজার সড়কের সঙ্গে সংযোগ করা হবে।