২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় তারেক ও সহযোগী অপুকে আসামী করে চার্জশিট দাখিল

চাঁদাবাজি মামলায় তারেক রহমান ও তার ব্যক্তিগত সহকারি মিয়া নূরুউদ্দিন অপুকে আসামি করে রোববার দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

তারেক রহমানের উপস্থিতিতে সোমবার ঢাকার দ্রুত বিচার আদালত-২ এ মামলার শুনানি হবে। এছাড়া মহানগর দায়রা জজ আদালতে তারেক রহমানের জামিনের ওপরও শুনানি  হবে।

রোববার বিকাল চারটায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে দ্রুত বিচার আইনে তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মাহবুব মোর্শেদ অভিযোগপত্র দাখিল করেন। এতে পলাতক আসমি অপুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও তার মালামাল ক্রোকের আবেদন করা হয়েছে।

চার্জশিটে মোট ১২ জনকে সাক্ষী এবং আলামত হিসাবে ১ কোটি টাকার একটি বিয়ারার চেক (বাহকের মাধ্যমে নগদায়নের চেক) উপস্থাপন করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন বাদি, বাদির ভাই, ঢাকা ব্যাংকের দুইজন কর্মকর্তা, মামলার তদন্ত কর্মকর্তা এবং জব্দ তালিকার সাক্ষী করা হয়েছে ১২ জনকে।

চার্জশিটে বলা হয়েছে, মামলার তদন্তে ও সাক্ষীদের জবানবন্দী পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত।

রোববার বিকেল ৪ টায় ঢাকার সিএমএম আদালতের জেনারেল রেকর্ডিং অফিসের শাখায় গুলশান থানার বিশেষ বার্তাবাহক চার্জশিটটি নিয়ে আসেন। চার্জশিটটির রিসিভ রেজিস্টার নম্বর পড়ার আগেই উপ--পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শহীদুল হক ভূঁইয়া নথিটি তার হেফাজতে নিয়ে নিন। সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।

এর আগে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে ৮ মার্চ  আমিন আহম্মেদ ভূঁইয়া নামে একজন ঠিকাদার গুলশান থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।

যৌথবাহিনীর সদস্যরা ৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে। এর পরদিন আমিন আহম্মেদ ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এছাড়া কাফরুল থানায় তার বিরুদ্ধে একটি জিডিও করা হয়।

চাঁদাবাজি মামলার বাদী এজাহারে বলেছেন, তারেক রহমান ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারি করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। তিনি এ সময় এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে আমিন আহম্মেদ এক কোটি টাকা দিতে রাজি হন।

এরপর তিনি বন্ধু ক্যাপ্টেন (অব.) সবুরকে সঙ্গে নিয়ে এক কোটি টাকার একটি ব্যাংক চেক দিতে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক নগদ টাকা দাবি করেন। পরে বাদীর ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগী অপুর কাছে দিয়ে আসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।

আমিন আহম্মেদ ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী--২ (চাটখিল) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানে বহুতল বিপণীবিতান উদয় টাওয়ারের মালিক।