২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিবেদন আইন প্রনয়ণের সিদ্ধান্ত নিয়েছে সরকার

উপদেষ্টা পরিষদের বৈঠকে শনিবার আর্থিক প্রতিবেদন (ফাইনান্সিয়াল রিপোর্টিং) আইন প্রনয়ণ ও সার্ক খাদ্য নিরাপত্তা ব্যাংক গঠনের চুক্তিতে সাক্ষরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এছাড়া চলতি বছরে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ৫০ হাজার মেট্রিক টন গম ও ১২ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট---২০০৭ প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রচলিত হিসাব সংরক্ষণ ও আর্থিক প্রতিবেদন তৈরিতে প্রচলিত ভিন্ন ভিন্ন পদ্ধতি দূর করে একই রকমের পদ্ধতি অনুসরণ করে প্রতিবেদন তৈরির লক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন এই আইনের আওতায় একটি ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে চেয়ারম্যান করে ১১ সদস্যের কমিটি স্বাধীনভাবে কাজ করবে।

বৈঠকে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনও দেশে খাদ্য স্বল্পতা দেখা দিলে খাদ্য সহায়তা দেওয়ার জন্য সার্ক খাদ্য নিরাপত্তা ব্যাংক গঠনের চুক্তিতে সাক্ষরের সিদ্ধান্তও নেওয়া হয়। 

সার্কভূক্ত দেশগুলোর খাদ্য বিশেষজ্ঞরা এ বিষয়ক একটি নীতিমালা চুড়ান্ত করেছেন। আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে এই নীতিমালায় সদস্য দেশগুলো সাক্ষর করবে।

সার্ক খাদ্য নিরাপত্তা ব্যাংকের সার্বিক সহায়তা দেবে সার্ক সচিবালয়। পরে নিজস্ব কার্যালয় স্থাপন করা হবে।

চলতি বছর দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ৫০ হাজার মে.টন গম সংগ্রহ করার সিদ্ধান্তও নেন উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি গমের দাম ধরা হয়েছে ১৮ টাকা। সংগ্রহ শুরু হবে ২০ মার্চ থেকে এবং চলবে ২৮ জুন পর্যন্ত।

চাল ও ধান কেনা হবে ১৩ লাখ মে.টন। এর মধ্যে তিন লাখ মে.টন ধান কেনা হবে। ধান কেনা হবে ১০ টাকা কেজি দরে। চাল কেনা হবে ১০ লাখ মে.টন। প্রতি কেজি চালের ক্রয়মুল্য ধরা হয়েছে ১৬ টাকা। কেনা শুরু হবে ২৫ এপ্রিল থেকে চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।