আবারো ঘরোয়া রাজনীতির অনুমতি দেওয়া হবে: মইনুল
নির্বাচনের প্রস্ততির জন্য ঘরোয়া রাজনীতি আবারও চালু করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা মইনুল হোসেন।
রোববার মইনুল হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “দেশে যেহেতু একটি নির্বাচন করতে হবে, সেহেতু নির্বাচনের পরিবেশও সৃষ্টি করতে হবে।”
তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতির জন্য ঘরোয়া রাজনীতি করার সুযোগ দিতেই হবে। তবে রাজনীতিকরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছেন।”
দেশে এবারের নির্বাচন কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা।
তাঁর মতে, নির্বাচন কমিশন, আদালত ও দুর্নীতি দমন কমিশন (দূদক) ঠিক হলেই চলে। এসব প্রতিষ্ঠান ঠিক হলে সৎ ও যোগ্য প্রার্থীরা নির্বাচনে এগিয়ে আসবে। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি হবে।
