চট্টগ্রামে রোববার খোলাবাজারে চাল বিক্রি শুরু
বন্দরনগরীতে রোববার থেকে ডিলারদের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) সিদ্ধান্ত নিয়েছে খাদ্য অধিদপ্তর।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান রোববার সকাল ১০টায় নগরীর শেরশাহ কলোনি বাজারে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এ ছাড়া একই সময়ে হামজারবাগ কলোনীতে নিজাম স্টোর এবং পূর্ব মাদারবাড়িতে মিরসরাই স্টোরে চাল বিক্রি শুরু হবে।
চালের মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারি সিদ্ধান্তু অনুযায়ী রোববার থেকে এই তিনটি স্থানে এ কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে নগরী ও জেলার ১৪ উপজেলার মোট ৬৮৭ টি স্থান চিহ্নিত করে চাল বিক্রি শুরু করা হবে বলে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রতন লাল সাহা জানান, নগরীর ৪১ টি ওয়ার্ডের প্রতিটিতে দুইজন করে ডিলার এই চাল বিক্রি করবেন। প্রতি কেজি চাল ১৫ টাকা চার আনা দরে বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ক্রেতারা চাল কিনতে পারবেন।
রতন লাল সাহা আরও জানান, নগরীতে ছাড়াও প্রতিটি ইউনিয়নে তিনজন এবং ১০ টি পৌরসভার প্রতিটিতে দুইজন করে ডিলার চাল বিক্রি করবেন। এ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে মোট ৮৭ জন এবং পৌরসভায় মোট ৮ জন ডিলার নিয়োগ করা হয়েছে। এ সপ্তাহেই এই কার্যক্রম পুরোদমে শুরু হবে। প্রাথমিকভাবে চলবে এক মাস।
গত সপ্তাহে চট্টগ্রামের বিভিন্ন আমদানিকারক নিজস্ব উদ্যোগে নগরীতে বিক্রয় কেন্দ্র স্থাপন করে খুচরা খাদ্যসামগ্রী বিক্রয় শুরু করে। এরপর এবার খোলাবাজারে সরকারিভাবে ডিলারদের মাধ্যমে চাল বিক্রি শুরু হচ্ছে।
