এসিড মামলায় চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সদস্য রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সদস্য আমানতকে এসিড নিক্ষেপ মামলায় শুক্রবার দুদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
নবম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান পপির ওপর এসিড নিক্ষেপের দায়ে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরী শুক্রবার সন্ধ্যায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আমানতের ভাড়া করা এসিড নিক্ষেপকারী কিশোর আরিফুল ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব উল ইসলাম জানান, আমানতের ভাড়া করা সন্ত্রাসী মিন্টু ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিতে রাজি হয়নি।
প্রসঙ্গত, জামায়াত সদস্য ও নয়াগোলার একটি মসজিদের ইমাম আমানত আড়াই বছর আগে তার পরিচালিত একটি স্কুলের ছাত্রী শহরের ভূতপুকুর মহল্লার পপির সঙ্গে অশালীন আচরণ করে। এরপর গ্রাম্য সালিশে তাকে জুতা পেটা করা হয় এবং সে দোষ স্বীকার করে ক্ষমা চায়।
এর প্রতিশোধ নিতে সম্প্রতি ভাড়া করা সন্ত্রাসী দিয়ে আমানত পপির বাড়িতে তার কক্ষে এসিড ছুড়ে মারে। তবে কক্ষে না থাকায় পপি রক্ষা পায়।
