রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা মামলায় দুই সহপাঠীর যাবজ্জীবন
রাজবাড়ি শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র শরীফুল ইসলাম শরীফ হত্যা মামলার রায়ে দুই সহপাঠীকে যাজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে আরো দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ মো. শহিদুল্লাহ বকাউল এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মাশফিকুর রহমান সানি এবং তারেক শেখ টিপু। বিচারক তার রায়ে বলেছেন, অভিযুক্তরা প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালে নবম শ্রেণীর ছাত্র শরীফ লেখাপড়ার বিষয় নিয়ে সানি ও টিপুর বিরুদ্ধে শিক্ষকদের কাছে অভিযোগ করে। শিক্ষক সানি ও টিপুকে শাসন করলে তারা শরীফের উপর ক্ষুব্ধ হয়। এর কয়েকদিন পর ১৪ সেপ্টেম্বর কম্পিউটার গেমস খেলার কথা বলে শরীফকে স্কুল থেকে ডেকে নিয়ে সজ্জনখান্দা এলাকার একটি বাঁশঝাড়ের মধ্যে জবাই করে হত্যার পর ডোবায় ফেলে রেখে যায় সানি ও টিপু।
শরীফ রাতে বাড়ি না ফেরায় পরদিন অভিভাবকরা অভিযোগ করলে পুলিশ স্কুল শিক্ষকের সহায়তায় সন্দেহভাজন ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা শরীফকে হত্যা করার কথা স্বীকার করে।
