২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজার সম্পদের হিসাব স্ত্রীর মাধ্যমে নিতে হাইকোর্টের নির্দেশ

আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ মোস্তফা রশিদী সুজার সম্পদের হিসাব ৭ দিনের মধ্যে তার স্ত্রীর মাধ্যমে নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি আবদুল আওয়াল সমন্বয়ে গঠিত বেঞ্চ সুজার স্ত্রী খোদেজা রশিদীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করে। একইসঙ্গে আদালত সুজার সম্পদের হিসাব তার  স্ত্রীর মাধ্যমে না নেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতেও কমিশনকে আদেশ দিয়েছে। 

রিট আবেদন বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের সচিব মোস্তফা রশিদী সুজাকে তার সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেয়। কিন্তু ওই তারিখে কমিশন চেয়ারম্যান ও সদস্যহীন অবস্থায় ছিল। এ অবস্থায় কমিশনের সচিবের দেওয়া নোটিশ অবৈধ। নোটিশের পরিপ্রেক্ষিতে তার স্ত্রী সম্পদের হিসাব দিতে গেলে কমিশন তা নিতে অস্বীকৃতি জানায়।

রিটটি পরিচালনা করেন এডভোকেট আবদুল মতিন খসরু। সরকারপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান।