‘বঙ্গবন্ধুর স্বপ্নের বিরুদ্ধে কেউ দাঁড়ালে রাস্তায় নামবে সাংস্কৃতিক কর্মীরা’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে দেশের সাংস্কৃতিক কর্মীরাই সবার আগে রাস্তায় নামবে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা কথা বলেন।
বঙ্গবন্ধুর ৮৮তম জন্মদিন উদযাপন কমিটি আয়োজিত এই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক খান সরওয়ার মুরশিদ বলেন, বঙ্গবন্ধুর জীবন ও দর্শন গবেষণার ভালো ক্ষেত্র হতে পারে। বঙ্গবন্ধুর দূরদর্শিতার কথা বলতে গিয়ে খান সরওয়ার বলেন, তরুণ বয়সেই শেখ মুজিব বুঝে গিয়েছিলেন যে, পাকিস্তান বাঙালিদের জন্য নয়।
প্রধান অতিথির বক্তব্যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হোক যেনো কেউ বঙ্গবন্ধুর স্বপ্নের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। তা না হলে সাংস্কৃতিক কর্মীরাই সবার আগে রাস্তায় নামবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার ও আ আ ম স আরেফীন সিদ্দিক। কবিতা আবৃতি করেন কবি মহাদেব সাহা, রফিক আজাদ, আনোয়ারা সৈয়দ হক, আব্দুস সামাদ, আসলাম সানি, আহকাম উল্লাহ ও হাসান আরিফ।
