২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং প্রতিষ্ঠান আইন সংশোধন ও মুদ্রাপাচার পাচার অধ্যাদেশে সম্মতি

ব্যাংকিং প্রতিষ্ঠান আইন ১৯৯১ এর সংশোধন এবং মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ জারির বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে উপদেষ্টা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

প্রধান উপদেষ্টা ফকরুদ্দীন আহমদের তথ্য সচিব ফাহিম মুনয়েম সোমবার সাংবাদিকদের জানান, “উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে আইনের সংশোধনীর বিষয়ে সম্মত হয়েছে এবং প্রস্তাবটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।”

উপদেষ্টা পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ এবং ব্যাংকিং প্রতিষ্ঠান আইন ১৯৯১ এর সংশোধন নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, আইন মন্ত্রণালয়ের যাচাইয়ের পর সরকার গেজেট আকারে আইনটি প্রকাশ করবে।

ঋণখেলাপি ও তার নিশ্চয়তাদানতারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ব্যাংকগুলোর মূলধন দ্বিগুণ করা, ব্যাংক পরিচালনা পর্ষদের আকার ১৩ জনে সীমাবদ্ধ রাখা এবং লেনদেন পরিচালনার জন্য পর্যাপ্ত সম্পদ না থাকলে ব্যাংককে জারমানার বিধান থাকছে ব্যাংকিং প্রতিষ্ঠান আইন ১৯৯১ এর সংশোধনীতে।

ঋণ ফেরত দেওয়ার সময়সীমা তিন মাস পার হয়ে গেলে সেটা খেলাপি ঋণ হিসেবে গণ্য করা হবে এবং ঋণ গ্রহীতা ঋণখেলাপি বিবেচিত হবেন।

বর্তমানে ঋণ ফেরত দেওয়ার সময়সীমা ছয় মাস পার হয়ে গেলে সেটা খেলাপি ঋণ হিসেবে বিবেচিত হয়।

আইনটির সংশোধনীতে বলা হয়েছে, কারো যদি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শ্রেণীকৃত ঋণ থাকে তাহলে তাকে ঋণখেলাপি বলা যাবে।

এছাড়া, কোনো ব্যক্তি একটি প্রতিষ্ঠানের ২০ ভাগের বেশি শেয়ারের মালিক হলে বা প্রতিষ্ঠানটির পরিচালক বা প্রতিষ্ঠানের ঋণের নিশ্চয়তাদানকারী হলে তাকে সংশোধনীর ৫ (গ ,গ) ধারা অনুসারে ঋণ সংশ্লিষ্ট হিসেবে দায়ী করা হবে।

সংশোধনীর ২৭ এ এ (৩) ধারা অনুসারে ঋণখেলাপি অপর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাবেন না এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুসারে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হবেন।

প্রস্তাবিত আইনের সংশোধনীতে ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমান ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়েছে। এছাড়া অবৈধ ব্যাংকিং, তথ্য গোপন ও বিভ্রান্তি তৈরির জন্য জরিমানার পরিমাণ এবং সাজার মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুসারে অবৈধ অর্থ লগ্নি ব্যবসায় জড়িত ব্যক্তিকে ২০ লাখ টাকা জরিমানা এবং তিন বছরের কারাদণ্ড দেওয়া যাবে। অবৈধ ব্যাংকিং, তথ্য গোপন ও বিভ্রান্তি তৈরির জন্য অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হবে সর্বোচ্চ এক লাখ টাকা।

অন্যদিকে, মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ এর আওতায় দুর্নীতি ও ঘুষ, মুদ্রা জালকরণ, চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি, অবৈধ অস্ত্রের ব্যবসা, মাদক ও নেশা জাতীয় পণ্যের ব্যবসা, চোরাই ও অণ্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা, অপহরণ, অবৈধভাবে আটকে রাখা ও পণবন্দি করা, খুন অথবা মারাত্মক শারীরিক ক্ষতি, যৌন নিপীড়ন (শিশুসহ), চোরাকারবার, দেশি--বিদেশি মুদ্রা পাচার, চুরি, ডাকাতি, আদম পাচার ও অবৈধ অভিবাসন, সন্ত্রাসীদের অর্থায়ন অপরাধ হিসাবে বিবেচিত হবে।

সন্ত্রাস বিরোধী যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যায়ের অব্যহত চাপের মধ্যেই মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদনের প্রক্রিয়া চলছে।

এই অধ্যাদেশ অনুমোদন পেলে তদন্তে সহায়তা, সম্পত্তি জব্দ এবং তথ্য আদান--প্রদানের জন্য অন্যান্য দেশের সাহায্য চাইতে পারবে সরকার।

বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “নতুন অধ্যাদেশটি ‘মুদ্রা পাচার প্রতিরোধ আইন--২০০২’ এর পরিবর্তে কার্যকর হবে। ওই আইনটি মুদ্রা পাচার সংক্রান্ত অপরাধ মোকাবিলায় যথষ্ট নয়। এমনটি মুদ্রা পাচারের সংক্রান্ত অপরাধের সুনির্দিষ্ট ব্যাখ্যাও সেখানে নেই।”

অধ্যাদেশে ব্যাংক, কুরিয়ার সার্ভিস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান, মানি চেঞ্জার, অর্থ প্রেরণকারী কোম্পানি, পেশাজীবী, পোস্ট অফিস, রিয়েল এস্টেট কোম্পানি, শেয়ার ব্রোকার্স, সাব রেজিস্ট্রার কার্যালয়, এনজিও, সমবায় ব্যাংকসহ সমবায় সমিতি, দাতব্য প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংককে চাহিদা মোতাবেক আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য দেওয়ার বিধান রাখা হয়েছে।