২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় দাওয়াত খেয়ে ৩০০ জন অসুস্থ

সাতকানিয়া উপজেলায় একটি বাড়িতে দাওয়াত খাওয়ার একদিন পর সোমবার রাত থেকে কমপক্ষে তিন শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে প্রায় একশ জনকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ওরফে ভোলা মিয়া সওদাগরের সাতকানিয়া পৌরসভার বাড়িতে রোববার রাতে তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোজের আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ হাজার লোক খাওয়া-- দাওয়া করে। 

দাওয়াত খেয়ে চলে যাওয়ার প্রায় ২৪ ঘন্টা পর সোমবার রাত থেকে অনেকে অসুস্থ  হয়ে পড়তে শুরু করেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় তিন শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যায়। এদের মধ্যে প্রায় ১০০ জন সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থদের মধ্যে স্বয়ং আয়োজক ভোলা মিয়া সওদাগর, আওয়ামী লীগের সাবেক সাংসদ এম সিদ্দিক ও সাতকানিয়া পৌরসভার ওয়ার্ড কমিশনার একেএম মোরশেদও রয়েছেন।

সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ উদ্দিন সাংবাদিকদের জানান, খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

তিনি জানান, যারা হাসপাতালে ভর্তি হতে পারেননি তাদের বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য দুটি মেডিকেল দল গঠন করা হয়েছে।

সাতকানিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবদুর রউফ জানান, একসঙ্গে  এতো লোক অসুস্থ হয়ে পড়ার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

এরইমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসআই জানান, সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছে পৌরসভার কাছাকাছি অবস্থিত সতী পাড়ার লোকজন। সেখানে মেডিকেল টিম কাজ করছে। হাসপাতালে বেশি অসুস্থ বৃদ্ধ ও শিশুরা রয়েছেন। অন্যরা চিকিৎসা নেওয়ার পর বাড়িতে ফিরে গেছে।

এসআই আরও জানান, এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এজন্য বাবুর্চিদের এবং বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাবুর্চিরা চট্টগ্রাম নগরী থেকে এসেছিল বলে তিনি জানান।