মানবাধিকার কমিশন গঠনের সিদ্ধান্ত
সরকার মানবাধিকার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদের সোমবারের বৈঠকে শীঘ্রই মানবাধিকার কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাকিদের বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য। কিন্তু বাংলাদেশে কোনো কমিশন নেই। কমিশনটি চূড়ান্ত হলে মানবাধিকার সংক্রান্ত যে কোনো বিষয় বাংলাদেশেই সমাধান করা যাবে।
তিনি বলেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি কমিটি কমিশন গঠনের ব্যাপারে খসড়া প্রস্তাব তৈরি করবে।
কমিটির প্রধান হবে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
কমিটি ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মানবাধিকার কমিশনের গঠন ও প্রকৃতি বিবেচনা করে বাংলাদেশ মানবাধিকার কমিশন গঠনের খসড়া প্রস্তাব উপস্থাপন করবে।
