নোয়াখালী ও লক্ষ্মীপুরে ডাকাতসহ নিহত ২, আহত ১২
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাড়ির লোকজনের দা’ এর কোপে এক ডাকাত ও ডাকাতের গুলিতে গৃহকর্তা মারা গেছে। এসময় ডাকাতদের সঙ্গে সংঘর্ষে আহত হয় আরও ১১ জন। এ ছাড়া লক্ষ্মীপুরে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজ ছাত্র গুরুতর জখম হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ভূঁইয়ার বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে জয়াগ ইউনিয়নের ভাওর কোর্ট গ্রামের হাজী রহিম উদ্দীনের বাড়িতে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত যৌথবাহিনীর পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করে। গৃহকর্তা বাধা দিলে ডাকতরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে। এসময় বাড়ির লোকজনের সঙ্গে ডাকাতদের হাতাহাতি হয়। এক পর্যায়ে ঘরের লোকজনের দায়ের কোপে অজ্ঞাতনামা এক ডাকাত ঘটনাস্থলে মারা যায়। এসময় ডাকাতরা গুলি ছুঁড়লে গৃহকর্তা ছায়েদুল হক মারা যান।
এ ছাড়া ডাকাতদের হামলায় কুলসুম (১৮), আয়েশা আক্তার (৪০), দুলাল (২২), মামুন (২৪), কামাল (২৬), শহিদুল্যা (৬০) ও মোখলেছুর রহমান (৫৫) গুরুতর আহত হন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ছায়েদুল হকের ছেলে দুলাল বাদি হয়ে সোনাইমুড়ি থানায় মামলা করেছেন।
একই রাতে নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে আবুল খায়েরের বাড়ি থেকে ডাকাতি করে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সঙ্গে ডাকাতদের সংঘর্ষে মমতাজ (৬০), সুমন (২৩) ও খোরশেদ (১৭) নামের তিনজন গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, আবুল খায়েরের বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেললে ডাকাতরা ফাঁকা গুলি ছুঁড়ে ও ধারালো অস্ত্র দিয়ে লোকজনকে জখম করে পালিয়ে যায়।
এদিকে লক্ষ্মীপুর প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার উত্তর হামছাদি গ্রামের সৌদি প্রবাসী সাবেক সেনা সদস্য নুরুন্নবীর বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আমজাদ হোসেন সজীব (২২) নামে একজন গুরুতর আহত হয়েছে। সজীব নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
