সারের দাবিতে চাপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ, পঞ্চগড়ে ইউএনও কার্যালয় ঘেরাও
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সার সংকট তীব্র হয়েছে। সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ এবং পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সারের দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ--সোনামসজিদ মহাসড়কের পিরোজপুর এলাকা দুই ঘণ্টা অবরোধ করেন কৃষকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
কৃষক ও স্থানীয়রা জানান, সকাল ৯টা থেকে কৃষকরা শিবগঞ্জ উপজেলার পিরোজপুরের সার ডিলার মেসার্স বন্ধন ট্রেডার্সের দোকানে ভিড় জমান। সেখানে প্রায় চার হাজার কৃষক সমবেত হন। কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় তাদের সার দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সারের দাবিতে সড়ক অবরোধের কথা স্বীকার করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ জানান, প্রয়োজনের তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জে দুই জন ডিলারকে মাত্র ৬০০ বস্তা সার দেয়া হয়েছে। ফলে এক বস্তা সার চার জন কৃষককে দেয়া হচ্ছে।
পিরোজপুরে চার হাজার কৃষক থাকলেও টোকেন দেয়া হয় মাত্র ১২০০ কৃষককে ।
পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা চাহিদা অনুসারে ইউরিয়া সার পাচ্ছেন না। মঙ্গলবার সারের দাবিতে শতাধিক কৃষক বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন।
ইউএনও নজরুল ইসলাম প্রয়োজনীয় সরবরাহের প্রতিশ্র“তি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সেখানে জরুরিভাবে ৯৩১ মেট্রিক টন সার প্রয়োজন। কিন্তু বরাদ্দ থাকলেও নানা জটিলতায় সার পাওয়া যাচ্ছে না।
গত সোমবার সারের জন্য কয়েক শ’ কৃষক দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমানের কার্যালয়ে ভিড় করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করলে আহত হন ১৪/১৫ জন।
