সাভারে গাংচিল বাহিনীর আরেক সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত
র্যাব-- ১১ সাভার ক্যাম্পের গোয়েন্দা শাখার দুই সদস্যকে হত্যার ঘটনায় জড়িত গাংচিল বাহিনীর সদস্য রাজা (২১) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
র্যাব সূত্র জানায়, দুর্ধর্ষ গাংচিল বাহিনীর ১৫ জন সদস্যের মধ্যে এ পর্যন্ত র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন নিহত হয়েছে।
র্যাব-- ১১ সাভার ক্যাম্পের এএসপি সোলায়মান কবীর জানান, র্যাব-- ১১ ডিএডি গাজী আবদুর মান্নানের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার রাতে আমিনবাজার এলাকায় দায়িত্বে ছিলেন। বুধবার ভোর রাত সোয়া ৪ টার দিকে আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশনের পাশে মফিদ--ই--আম স্কুল এন্ড কলেজের মাঠে একদল সন্ত্রাসী অস্ত্র--শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে ছুটে যায়। এসময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়।
প্রায় ১৫ মিনিট উভয়পক্ষের বন্দুকযুদ্ধের সময় গাংচিল বাহিনীর রাজা মারা যায়।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বেলা ১২ টা ৪০ মিনিটের সময় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রায়হান আক্তারের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। রিপোর্টে তার পা ও বুকে মোট ৪টি গুলি বিদ্ধ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ৬৫ বোরের একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
নিহত রাজা মিয়া মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাচামারার গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় সাভার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
