গাজীপুর ভূমি অফিসে এখনো পাকিস্তানি রসিদ!
স্বাধীনতার ৩৬ বছর পরও গাজীপুর সদরের বাসন ইউনিয়ন ভূমি অফিসে পাকিস্তান আমলের রসিদ ব্যবহার করা হচ্ছে। আর এর প্রমাণ মিলেছে মঙ্গলবার ওই অফিস থেকে দেওয়া একটি রসিদে।
মঙ্গলবার গাজীপুর সদরের টেকনাগপাড়া গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে মোঃ আলীমদ্দিন তাদের নামে লিজে দেওয়া অর্পিত সম্পত্তি নবায়ন করা বাবত ছয় শ টাকা জমা দিয়ে যে রসিদ পান সেটি ছিল পাকিস্তান আমলের। রসিদে ইংরেজিতে লেখা ছিল “ডুপ্লিকেট কার্বন রিসিট ফর ইউজ অব দ্য এনিমি প্রোপার্টি (ল্যান্ড অ্যান্ড বিল্ডিং), ইস্ট পাকিস্তান।
কারণ জানতে চাওয়া হলে অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বাবুল মিয়া বলেন, “প্রধান অফিস থেকে যে রসিদ বই সরবরাহ করা হয় আমরা তা--ই ব্যবহার করি।”
গাজীপুর জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান বলেন, “এ ব্যাপারটি আমার জানা নেই। এমন ত হবার কথা নয়। পাকিস্তান আমলের কাগজপত্র সরকারি অফিসে ব্যবহার হওয়ার কথা নয়।”
