চট্টগ্রামে অপহৃত ব্যক্তি উদ্ধার ও ৪ অপহরণকারী গ্রেপ্তার
অপহরণের একদিনের মাথায়ই র্যাব সদস্যরা নগরীর কদমতলী এলাকা থেকে বুধবার দুপুরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্র জানায়, অজ্ঞাত অপহরণকারীরা জনৈক জহির আহমদকে মঙ্গলবার নগরীর বিআরটিসি এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় এবং তার পরিবারের লোকজনের কাছ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে সংবাদ পেয়ে র্যাব--৭ এর একটি দল সাদা পোশাকে কৌশলে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের আস্তানা চিহ্নিত করে। পরে বুধবার দুপুরে নগরীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত জহির আহমদকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিকান্দার আলম (৪৮), সেমিল উদ্দিন (৩৮), জালাল আহমদ (২৮) এবং ফকির আহমদ।
র্যাবের জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানায়, জহির আহমদকে অপহরণের পর প্রথমে তাকে তারা আনোয়ারা উপজেলায় নিয়ে যায় এবং পরে তাকে আবার নগরীতে এনে কদমতলীর একটি ঘরে আটকে রেখে মারধর করে। অপহরণকারীরা তার কাছ থেকে খালি স্ট্যাম্পে সই নেয় এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য চাপ দেয় ও মেরে ফেলার হুমকি দেয়।
র্যাব-৭ এক বিজ্ঞপ্তিতে জানায়, অপহরণকারীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
