২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক টিপুর মুক্তির দাবি জানিয়েছেন নীলফামারীর সাংবাদিকরা

ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলায় গ্রেপ্তারকৃত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নীলফামারী জেলা প্রতিনিধি ই আ ম আসাদুজ্জামান টিপুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি চেয়েছেন নীলফামারী জেলায় কর্মরত সব সাংবাদিক।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 02:18 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বৃহস্পতিবার নীলফামারী প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই দাবি জানানো হয়। সভায় রংপুর ও দিনাজপুরের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমানের সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নীলফামারী জেলায় ডিলার নিয়োগ এবং সার বিতরণে চরম অরাজকতার কারণ তদন্ত করে দায়ী ব্যাক্তির বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

গত ১৭ মার্চ ডেইলি স্টারে নীলফামারীতে সার সংকট সংক্রান্ত একটি সচিত্র একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসক খন্দকার মোখলেসুর রহমান বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সাধারণ সম্পাদককে ডেকে তার কাছে সংবাদটির ব্যাখ্যা চান।

পরে সংবাদটির সূত্র ধরে দায়ের করা একটি মামলায় বুধবার ভোরে শহরের সবুজপাড়ার বাড়ি থেকে সাংবাদিক টিপুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলাটির বাদী করা হয় বিএফএ নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক বাপীকে।

তবে বাপী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তিনি কোনো মামলা করেননি। অথচ মামলায় তাকে বাদী করা হয়েছে। 

শহীদ ক্যাপ্টেন বাশারের ছোটভাই সাংবাদিক টিপু খুব সাধারণ মানুষ হিসেবে এলাকায় পরিচিত।