২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পংকজ, ওয়াদুদ ও লোটাস কামালের বিরুদ্ধে মামলা করেছে দুদক

স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বিএনপির সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কমিশন সূত্র জানায়, দাখিল করা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাবের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, পংকজ দেবনাথের নামে আয় বহির্ভুত ৩২ লাখ টাকার স্থায়ী সঞ্চয়সহ (এফডিআর) ৬৫ লাখ ১৬ হাজার ৬ শ ১৬ টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে কমিশন। কমিশনের সহকারী পরিচালক আব্দুল লতিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার নামে জ্ঞাত আয় বহির্ভুত ছয় কোটি ১৫ লাখ টাকার সম্পত্তি থাকার অভিযোগ এনে কমিশনের উপ--পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে একটি মামলা করেছেন।

অন্যদিকে, সন্ধ্যায় গুলশান থানায় লোটাস কামাল এবং তার স্ত্রী বিরুদ্ধে কমিশনের উপ--পরিচালক শিরিন পারভিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, লোটাস কামাল কমিশনের দাখিল করা সম্পত্তির হিসাবে গুলশান এলাকায় ৮০ লাখ ৫০ হাজার টাকায় কেনা অ্যাপার্টমেন্টের দাম দেখিয়েছেন ৩৫ লাখ টাকা। এছাড়া অ্যাপার্টমেন্টটি মেয়ের নামে কেনা হলেও হিসাব বিবরণীতে সেটি স্ত্রী কাশ্মীরী কামালের নামে দেখানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কমিশনার আবুল হাসান মনযুর মান্নান জানান, “মামলার দ্রুত নিষ্পত্তি করতে তদন্ত কর্মকর্তাদের শুধু মামলা সম্পর্কিত বিষয়গুলো দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।”

মামলা দায়েরের দিন থেকে পরবর্তী ২০ দিনের মধ্যে এর অভিযোগপত্র দেওয়ার জন্য তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।