রাজধানীতে কলেজ ছাত্রীকে অপহরণের পর হত্যা
রাজধানীতে এক কলেজ ছাত্রীকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সুবর্ণা আখতার সোমা (১৮) ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ারা গার্লস কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকার মোড়ল বাড়ির সাইফুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় নাজমুল আহম্মেদ রাজু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সোমার লাশ রেখে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
নিহতের ভাই মো. রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত নাজমুলের সহযোগী জাহিদুল ইসলাম জাহেদ গত ২০ তারিখে কলেজের গেট থেকে সোমাকে অপহরণ করে। পরে সে এ ঘটনা পুলিশকে না জানানোর জন্য টেলিফোনে হুমকি দেয়। অন্যথায় সোমাকে হত্যা করা হবে বলে সে জানায়।
ডিএমসি সূত্র জানায়, নাজমুল, জাহেদ এবং হামিদ বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা থেকে একটি ট্যাক্সি ক্যাবে অজ্ঞান অবস্থায় সোমাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় জাহেদ ও হামিদ কৌশলে পালিয়ে গেলেও জরুরি বিভাগে উপস্থিত জনতা নাজমুলকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
নাজমুল পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, কীটনাশক পান করে সোমা আত্মহত্যার চেষ্টা চালায়। তবে লাশের বাম হাতে সিগারেটের পোড়া দাগ এবং থুতনির নিচে হালকা জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া দুই হাতের আঙ্গুলে স্কচটেপ পেঁচানো ছিল।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই গোলাম রাব্বানী সন্ধ্যা সাতটায় নফহবংি২৪.পড়স --কে জানান, এ ব্যাপারে নিহতের বাবা সাইফুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
