২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজলের স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে

পলাতক চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী রোমানা মনোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে রোমানা মনোয়ারকে হাজির করা হলে তার জামিন আবেদনের শুনানি শেষে হাকিম এ জেড এম আব্দুল্লাহেল বাকী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অবৈধ গুলি ও আগ্নেয়াস্ত্রের সরঞ্জামাদি রাখার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার আসামী হিসেবে মিরপুর থানা পুলিশ বুধবার রাতে রোমানাকে গ্রেপ্তার করে।

গত ৮ মার্চ ডিপজলের গাবতলীর বাসা তল্লাসী করে পিস্তল ও বন্দুকের ৩৯১ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করে যৌথ বাহিনী।

ওই ঘটনায় অস্ত্র আইনে ডিপজলের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়।

আদালতে পুলিশ প্রতিবেদনে বলা হয়, অস্ত্র উদ্ধারের সময় ডিপজল বাসায় ছিলেন না। তার স্ত্রী আলমারী খুলে অবৈধ ওইসব আগ্নেয়াস্ত্র বের করে দেন। তিনি মামলার ঘটনা জানেন। তাই তদন্তের স্বার্থেই রোমানাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

শুনানির সময় ডিপজল---রোমানার ছেলে ফাহিম, অমি ও কন্যা মেঘলা কাঠগড়ায় দাঁড়ানো মাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।