বর্জ্য শোধনাগার স্থাপনে এক মাসের মধ্যে ঋণপত্র খুলবে কারখানাগুলো
বর্জ্য শোধনাগার স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করার জন্য আগামী একমাসের মধ্যে দেশের সব শিল্প কারখানাগুলো ঋণপত্র (এলসি) খুলবে। এ ব্যাপারে সরকারকে লিখিত প্রতিশ্র“তি দেবে কারখানা কর্তৃপক্ষ।
শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার স্থাপনে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন পরিবেশ ও বন উপদেষ্টা সি এস করিম।
বৈঠকে শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীসহ যৌথবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা সি এস করিম সাংবাদিকদের বলেন, “বর্জ্য পরিশোধন না করে শিল্প প্রতিষ্ঠানগুলো জলাশয় এবং কৃষি জমিতে সেগুলো ফেলার কারণে ঢাকাসহ শিল্প সমৃদ্ধ অন্যান্য এলাকায় পরিবেশ দূষিত হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে আমরা শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে আগামী ছয়মাসের মধ্যে বর্জ্য পরিশোধনাগার প্লান্ট স্থাপনের কথা বলেছি।”
তিনি আরো বলেন, “বর্জ্য শোধনাগার যারা বসাবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ৪৭৮টি শিল্প কারখানা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে চারটি। পর্যায়ক্রমে বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশ ও বন সচিব মো. জহুরুল ইসলাম জানান, বর্জ্য শোধনাগার বসানোর ব্যাপারে আগামী এক মাসের মধ্যে কারখানাগুলোর কর্তৃপক্ষ ‘আন্ডার টেকেন’ দেবেন।
সূত্র জানিয়েছে, গত আড়াই বছর ধরে শিল্প কারখানার মালিকরা বর্জ্য শোধনাগার স্থাপনের প্রতিশ্র“তি দিচ্ছে। সরকার এখন আর তাদের প্রতিশ্র“তিতে আশ্বস্ত না পেরে স্ট্যাম্পে লিখিত নেওয়ার কথা বলেছে।
বৈঠক শেষে বিকেএমইএ এর পরিচালক এম এ বাছেত বলেন, “সরকার আমাদের ছয়মাসের মধ্যে বর্জ্য শোধনাগার স্থাপনের প্রস্তাব দিয়েছে। আমরা এক বছর সময় চেয়েছি। তবে একমাসের মধ্যে এলসি খোলার বিষয়টি আমরা মেনে নিয়েছি। আগামী ২৭ মার্চ বৈঠক হলে সেখানে প্লান্ট স্থাপনে কত সময় লাগতে পারে সে ব্যাপারে কর্ম পরিকল্পনা সরকারকে জানানো হবে।”
বাংলাদেশে এখন প্রায় দুই হাজার শিল্প কারখানার মধ্যে ৩৫--৪০টি কারখানায় বর্জ্য শোধনাগার রয়েছে বলে তিনি জানান।
