২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী ও পুলিশ থেকে লোক নিতে দুদককে পরামর্শ যোগাযোগ উপদেষ্টার

দূর্নীতি দমন কমিশনের (দুদক) জনবল সংকট দূর করতে সেনাবাহিনী ও পুলিশ থেকে বাছাই করে লোক নেওয়ার পরামর্শ দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা ও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এম এ মতিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 07:14 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বৃহস্পতিবার সকালে দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য দেখা করে সচিবালয়ে ফেরার পর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোতে জনবল ছিল প্রায় এক হাজার ২০০ জন। অথচ দুদকে জনবল রয়েছে এর অর্ধেক। ব্যুরোতে তদন্তকারী কর্মকর্তা ছিলেন ৪৫৭ জন, আর কমিশনে আছেন মাত্র ৪০ জন। লোকবলের অভাবে দুদক ঠিকমতো কাজ করতে পারছে না।”

যোগাযোগ উপদেষ্টা বলেন, লোকবল বাড়িয়ে দূদকের সংকট কাটাতে হবে। এজন্য কমিশন চেয়ারম্যানকে সেনাবাহিনী ও পুলিশ থেকে বাছাই করে দক্ষ তদন্তকারী কর্মকর্তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি ক্ষমতা অধ্যাদেশের সংশোধনী সম্পর্কে এম এ মতিন বলেন, যারা অপরাধী তাদের বিচার ও শাস্তি দেওয়াই এ মুহূর্তে সরকারের একমাত্র কাজ। দেশের প্রচলিত আইনে অনেক ফাঁক--ফোকর রয়েছে। তাই জরুরি ক্ষমতা অধ্যাদেশ সংশোধন করা হয়েছে। দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি পেতে হবে।