বিশ্বের দীর্ঘতম সৈকতে ১০০ কিলোমিটার পথ হাঁটবে ৫০০ তরুণ-- তরুণী
যুবসমাজকে শারীরিকভাবে সক্ষম করে তোলা এবং বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতকে সবার সামনে তুলে ধরার প্রয়াসে এই প্রথমবারের মতো বাংলাদেশের কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ কিলোমিটার ওয়াকাথন। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিনদিনের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘লংগেস্ট বীচ চ্যালেঞ্জ ২০০৭’। শারীরিক সামর্থ্য, খেলাধুলার পূর্ব অভিজ্ঞতাসহ তিনটি বিষয় বিবেচনার মধ্য দিয়ে ৫০০ তরুণ--তরুণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আরও জানাচ্ছেন আনছার হোসেন
কক্সবাজার, মার্চ ২২ (নফহবংি২৪.পড়স) -- যুবসমাজকে শারীরিকভাবে সক্ষম করে তোলা এবং বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতকে সবার সামনে তুলে ধরার প্রয়াসে এই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ কিলোমিটার ওয়াকাথন। শুক্রবার ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিনদিনের এই ওয়াকাথনের নাম দেওয়া হয়েছে ‘লংগেস্ট বীচ চ্যালেঞ্জ ২০০৭’। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এই হাঁটা প্রতিযোগিতার আয়োজন করছে ‘অ্যাকটিভেট বাংলাদেশ’ নামে একটি সংগঠন।
সংগঠনটির আত্মপ্রকাশও হচ্ছে এই আয়োজনের মধ্য দিয়েই। বাংলাদেশের ৫০০ তরুণ--তরুণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
বৃহস্পতিবার কক্সবাজার প্রেসক্লাবে অ্যাকটিভেট বাংলাদেশ এর চেয়ারম্যান, বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আনোয়ার হোসাইন বীরপ্রতীক সাংবাদিকদের একথা জানান।
সকাল ১০টায় কক্সবাজারের দক্ষিণ সীমান্ত উপজেলা টেকনাফের সৈকত এলাকা জাহাজ ঘাট থেকে এই ওয়াকাথনের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। বিশেষ নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনা বাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী, বাংলাদেশ রাইফেলস (বিডিআর), পুলিশ, র্যাব ও আনসার-- ভিডিপিকে।
আনোয়ার হোসাইন বলেন, “বাংলাদেশের তরুণরা শিক্ষিত হচ্ছেন, উন্নতির চরম শিখরে পৌঁছাচ্ছেন, কিন্তু নিজেকে শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলছেন না, করে রাখছেন ‘ইনএ্যাকটিভ’। আমরা জাতি হিসেবে ‘ইনঅ্যাকটিভ’ হিসেবেই গড়ে উঠছি।”
তিনি জানান, মূলতঃ অ্যাকটিভ জাতি গঠনের লক্ষ্য নিয়েই ‘অ্যাকটিভেট বাংলাদেশ’ তার যাত্রা শুরু করলো।
তিনি আরও জানান, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রেজিস্ট্রেশনকারীদের মধ্য থেকে ৫০০ তরুণ-- তরুণীকে বাছাই করা হয়েছে। বাছাইকৃতরা শুক্রবার সকাল ১০টায় টেকনাফের বীচ পয়েন্ট জাহাজ ঘাট থেকে কক্সবাজারের উদ্দেশে হাঁটা শুরু করবেন। তারা প্রতি ঘন্টায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পথ হেঁটে ২৫ মার্চ বিকাল ৪ টায় কক্সবাজার পৌঁছাবেন। কক্সবাজারের কলাতলী পয়েন্টে গিয়ে এই ওয়াকাথন শেষ হবে। ২৬ মার্চ সকালে আরও ১০ কিলোমিটার ‘ফান ওয়াক’ এর আয়োজন করা হবে এবং তা থাকবে সবার জন্য উন্মুক্ত।
আনোয়ার হোসাইন বলেন, অংশগ্রহণকারীদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এরা হলেন ফাস্ট ওয়াকার ও স্লো ওয়াকার। সেই অনুযায়ী প্রথমদিনে টেকনাফ থেকে ১৮ কিলোমিটার দূরে জাহাজপুরায় ও ২১ কিলোমিটার দূরে শামলাপুরে দুটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ওই ক্যাম্পেই অংশগ্রহণকারীদের থাকা -- খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা থাকবে। দ্বিতীয় দিন ২৪ মার্চ পাটুয়ারটেক ও ইনানী বীচে ক্যাম্প থাকবে এবং ২৬ মার্চ কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে ওয়াকাথন শেষ হবে।
তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার জন্য বীচের দুপাশে ৫০০ মিটার পরপর নিরাপত্তা বাহিনী এবং এক কিলোমিটার পরপর তল্লাশি চৌকি রাখা হয়েছে। এতে থাকবে ডাক্তার এবং খাবার ও পানীয়ের ব্যবস্থা।
তিনি জানান, প্রতি অংশগ্রহণকারীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ সাড়ে তিন হাজার টাকা নেওয়া হলেও প্রতিজনের জন্য খরচ করা হবে ১৪ হাজার টাকা। অবশিষ্ট টাকা দেবে আর্থিক সহায়তা দানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন এবং এইচআরসি, স্কয়ার গ্র“প ও টীম। এই প্রতিযোগিতা থেকে সংগৃহীত অবশিষ্ট টাকা বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধূলার উন্নয়নে ব্যয় করা হবে।
অ্যাকটিভেট বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী ডা. অনুপম হোসাইন জানান, ১০০ কিলোমিটার বীচ ওয়াকাথনে অংশগ্রহণকারীদের মধ্যে টেকনাফ থেকে কক্সবাজার পয়েন্টে পৌঁছা প্রথম ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। তাদের জন্য থাকবে পদক ও পুরস্কার। তাছাড়া সব অংশগ্রহণকারীই পাবেন সনদপত্র।
ডা. অনুপম হোসাইন অংশগ্রহণকারীদের নির্বাচন করার প্রক্রিয়া সম্পর্কে বলেন, অনলাইন ও অফলাইনে ১২ হাজার ৮৮৮ জন তরুণ--তরুণী এই ওয়াকাথনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে দ্বৈত রেজিস্ট্রেশন হয়েছে ১ হাজার ২৯২ জনের। সঠিকভাবে রেজিস্ট্রেশনভুক্ত হয়েছেন ১০ হাজার ৪৯৬ জন। যার ৮৭ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ মহিলা।
তিনি জানান, শারীরিক সামর্থ্য, খেলাধুলার পূর্ব অভিজ্ঞতাসহ তিনটি বিষয় বিবেচনায় এনে মাত্র ৯৩৪ জন উপযুক্ত বলে গণ্য হন। এদের মধ্যে ৫০০ জনকে অংশগ্রহণকারী এবং ২০০ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। অন্যরা বিভিন্ন কারণে বাদ পড়েছেন। তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের মধ্যে ৪৭০ জন পুরুষ ও ৩০ জন মহিলা রয়েছেন।
সংগঠনটির চেয়ারম্যান বলেছেন, যেহেতু প্রথমবারের মতো এই ওয়াকাথন কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে তাই কক্সবাজারের ২৫ জন অংশগ্রহণকারীকে বিনা খরচে ওয়াকাথনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে তারা বিজয়ী হলেও বিজয়ী ঘোষিত হবেন না।
তিনি জানান, ওয়াকাথন চলাকালে সমুদ্রে থাকবে নৌ বাহিনীর জাহাজ, আকাশে থাকবে হেলিকপ্টার ও উপকূলে থাকবে সেনা বাহিনী, বিডিআর, র্যাব, পুলিশ ও আনসার--ভিডিপি সদস্যরা। এখন থেকে প্রতিবছরই কক্সবাজার সমুদ্র সৈকতে এই ওয়াকাথনের আয়োজন করা হবে এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিদেশীর কাছে নতুন রূপে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
আয়োজক সূত্র জানিয়েছে, ওয়াকাথনের মিডিয়া পার্টনার ‘চ্যানেল আই’ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন তিনবার সরাসরি সম্প্রচার করবে এই ওয়াকাথন।
