অবৈধ অস্ত্র ও গুলি রাখার মামলায় নাজমুল হুদার জামিন নাকচ
লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে অস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে তার জামিন আবেদন নাকচ করে দেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মোসাম্মৎ কামরুন্নাহার।
জরুরি ক্ষমতা আইনের আওতায় দায়ের করা মামলার বাইরে সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।
এগুলো হচ্ছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা, অস্ত্র আইনে মামলা, গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতির মামলা, চাঁদাবাজি ও চুরির মামলা।
এর আগে গত মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন নাকচ করে।
নাজমুল হুদাকে গত ৫ ফেব্র“য়ারি জরুরি ক্ষমতা আইন ও ধানমন্ডি থানার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জালিয়াতি মামলায় গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয় ধানমন্ডি থানায় গত ৮ মার্চ তারিখে এবং অস্ত্র আইনে এ মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয় ১১ মার্চ তারিখে।
নাজমুল হুদার আইনজীবী রজ্জব হোসেন জামিন শুনানির সময় বলেন, নবায়ন না করায় রিভলবারের লাইসেন্স বাতিলের ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করা হয়েছে।
অভিযুক্তের সব অস্ত্রই দোহার থানায় জমা দেওয়া হয়েছিল এবং ওই ব্যাপারে দোহার থানায় একটি জিডিও করা হয়েছে।
