২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

বিশ্বনাথ উপজেলায় মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে হত্যা মামলার রায়ে দুইজনকে ফাঁসি এবং ১০ জনকে দুই মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সিলেটের জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন।

২০০৩ সালের ৯ আগস্ট রাতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের নবাগি গ্রামের মুক্তিযোদ্ধা ফটিক চৌধুরীর অন্তঃসত্ত্বা স্ত্রী হোসনে আরা লাভলি ও দেড় বছর বয়সী শিশুকন্যা আকলিমাকে ঘরে ঢুকে হত্যা করে একদল দুর্বৃত্ত। চাঞ্চল্যকর এ ঘটনায় ফটিক চৌধুরী বাদী হয়ে একই গ্রামের ১২জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১২ আসামির মধ্যে আবুল হোসেন ও আবদুল মতিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে মামলার অভিযোগপত্র গঠন হয় এবং বিচার কাজ শুরু হয়। ২৩ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার মামলার রায়ে আসামী মুজিব মিয়া ও লেচু মিয়াকে ফাঁসির দণ্ডাদেশ দেন বিচারক।

এ ছাড়া মামলার অপর ১০ আসামিকে দুটি হত্যা ঘটনায় সংশ্লিষ্ট থাকার দায়ে দুই মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা  হলেন সরাব আলী, উস্তার আলী, সমসাদ আলী, সেলিম, আবদুল মতিন, আবুল হোসেন, আমির আলী, আফতাব, আমির মিয়া, আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি গোলাম ইয়াহ ইয়া চৌধুরী সুহেল।