এসিড সহিংসতা রোধে চাই পুরুষদের অঙ্গীকার
পুরুষদের সচেতনতা ও অঙ্গীকার এসিড সহিংসতা রোধে বড় ভূমিকা রাখতে পারে বলে বুধবার এক সমাবেশে মন্তব্য করেছেন সমাজের বিভিন্ন স্তরের পুরুষ।
একটি বেসরকারি সংস্থার জরিপে ২০০৬ সালে সংঘটিত এসিড সহিংসতার সবগুলো ঘটনার জন্য পুরুষরাই দায়ী---এমন তথ্য জানার পর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে উপস্থিত পুরুষরা নিজেদের দায়িত্বের কথা অকপটে তুলে ধরেন। তারা বলেন, একজন সচেতন পুরুষই পারে আরেকজন পুরুষকে সচেতন করতে।
মোমবাতি প্রজ্বলন করার মাধ্যমে নারীর প্রতি এসিড সহিংসতা প্রতিরোধে সংহতি প্রকাশ করেছেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, গ্র“প থিয়েটার ফেডারেশনের সভাপতি ম হামিদ, কথা সাহিত্যিক আনিসুল হক, ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, মডেল নোবেল, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, গায়ক শুভ্র দেব, রামেন্দু মজুমদার, এফবিসিসিআই এর সহ সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, বিজিএমইএ এর সহ সভাপতি লুৎফর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, হাজারীবাগ ওয়াকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, এসিডদগ্ধদের প্রতিনিধি বিধান চন্দ্র সরকার, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, ফকির আলমগীর, আজম খান, আবৃত্তিকার শিমুল মোস্তফা, মাহিদুল ইসলাম, ক্যাম্পেইন ফর ওয়ার্কিং উইথ মেন এন্ড বয়েজ-এর প্রতিনিধি পলাশ চৌধুরী।
এই অঙ্গীকার সমাবেশের আয়োজন করে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এএসএফ-এর কোষাধ্যক্ষ বোর্ড অব ট্রাস্টি এসএএম শওকাত হোসেন। ঘোষণা পত্র পাঠ করেন চলচ্চিত্র অভিনেতা এবং
স্টার এগেইনস্ট এসিড থ্রোয়ার-- এর সদস্য ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এএসএফ এর নির্বাহী পরিচালক মনিরা রহমান এবং স্টার এগেইনস্ট এসিড থ্রোয়ারের পক্ষে শুভ্রদেব।
এএসএফ জানায়, ২০০২ সালে এসিড অপরাধ দমন আইন এবং এসিড নিয়ন্ত্রণ আইন পাশ হলেও মাত্র দশ শতাংশ এসিড সন্ত্রাসীর বিচার হচ্ছে। বাকি ৯০ শতাংশ এসিড সন্ত্রাসী আইনের ফাঁক এবং সাক্ষ্য প্রমাণের অভাবে পার পেয়ে যাচ্ছে। এসিড সন্ত্রাসে আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশেরই বয়স আঠারোর নিচে।
