২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে পাঁচ খুনের রহস্য উদঘাটিত

প্রায় চার মাস পর আশুগঞ্জে চাঞ্চল্যকর ‘পাঁচ খুনের’ কারণ জানা গেছে। এ হত্যাকাণ্ডের অন্যতম আসামী আবু বুধবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

মঙ্গলবার সকালে পেশাদার খুনী রফিকুল ইসলাম ওরফে ছোট আবুকে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী একই দিন রাতে হত্যাকাণ্ডের হোতা ইউপি চরচারতলা চেয়ারম্যান এস এম কবিরকে গ্রেপ্তারের পর হত্যারহস্য উন্মোচিত হতে শুরু করে।

র‌্যাব--৯ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা এই দুজনকে গ্রেপ্তার করেন।

বৃহস্পতিবার দুপুরে কবির চেয়ারম্যানকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু বুধবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, হত্যাকাণ্ডে সাতজন অংশ নিয়েছিল। এর মূল পরিকল্পনাকারী ছিলেন চেয়ারম্যান এস এম কবির।

এ পরিকল্পনায় মোমিন মুন্সি নামের অপর একজন তাকে ১৫ হাজার টাকা দিয়ে হত্যার জন্যে চুক্তি করেছিল। আবু জানায়, চুক্তি অনুযায়ী গত বছরের ১৯ নভেম্বর রাতে চর চারতলার কোটিপতি ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি রফিকুল ইসলামের চরচারতলার বাড়িতে তার বৃদ্ধা মা মকবুলেন্নেসা (৯০), অন্তঃসত্ত্বা কন্যা ফারজানা ইসলাম সুমী (২৭), স্কুল পড়–য়া ছেলে আতাউল মোস্তফা মারজান (১০), নাতনী রিদিমনি (৪) ও দারোয়ান নূরুল হক (৪৫) কে নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় হাজী রফিকের ছোট ভাই জামিরুল ইসলাম বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হাজি রফিকের কাজের বুয়া রেনু বেগম (৪০) সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে রেনু বেগম স্বীকার করেন, জনৈক সজলের মাধ্যমে রেনু বেগম অর্থের বিনিময়ে খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে তাদের অচেতন করে হত্যায় সহায়তা করে। রেনু বেগমের স্বীকারোক্তি অনুযায়ীই র‌্যাব ছোট আবুকে গ্রেপ্তার করে।

আবু জানায়, কবির এলাকায় আধিপত্য অক্ষুণœ রাখতে এবং আগামী ইউপি নির্বাচনে যেন হাজি রফিক স্বজনহারা হয়ে মনোবল হারিয়ে প্রার্থী হতে না পারেন সেজন্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয় এবং অপর পরিকল্পনাকারী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবীর চেয়ারম্যানের সঙ্গে হাত মেলায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর সার্কেলের এসএসপি জরুহুল হক জানান, মামলায় আরও তদন্তের জন্যে শিগগিরই কবীরকে রিমান্ডে আনা হবে।