রাজবাড়ীতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
রাজবাড়ীতে একটি হত্যা মামলার রায়ে কথিত সর্বহারা দলের পাঁচ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ বকাউল মঙ্গলবার সকালে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-- আবু তালেব, বাবুল, রাজা শেখ, ওমর আলী এবং সাখাওয়াত হোসেন। এদের মধ্যে সাখাওয়াত হোসেন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্র“তার জের ধরে এবং চাহিদা মতো পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে পাংশা উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের শুকুর আলী বেপারী নামের এক ব্যক্তিকে ২০০৩ সালের ১৩ নভেম্বর প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাত কেটে নৃশংসভাবে খুন করে দণ্ডপ্রাপ্তরা।
এ ঘটনায় স্থানীয় চৌকিদার বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সর্বহারা দলের সদস্য এবং চাঁদাবাজ, সন্ত্রাসী উল্লেখ করে চার্জশিট দেয়।
পরে আদালত ১৩ জন সাক্ষীর স্বাক্ষ্য--প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল এবং আসামী পক্ষে অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী।
