পঞ্চগড় সীমান্তে বড়পীরের ওরসে দুদেশের নাগরিকদের মিলন মেলা
পঞ্চগড়ের সীমান্তবর্তী বড়দরগা এলাকায় সোমবার শেষ হয়েছে বুড়াপীরের ওরস উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী মেলা। ব্যতিক্রমী এই ওরস ও মেলায় প্রতিবারের মতো এবারও যোগ দেন ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য বুড়াপীর ভক্ত। একপর্যায়ে সেটি পরিণত হয় দুই দেশের নাগরিকদের মিলন মেলায়।
স্থানীয়ভাবে এই মেলা পরিচিত বড় দরগার ওরস ও বুড়াপীরের ইছালে ছাওয়াব নামে। স্থানীয়রা জানান, বুড়াপীর ছিলেন একজন সাধক। দেশবিভাগের অনেক আগে জন্ম নেওয়া এই সাধক মুসলমান--হিন্দু সবার কাছেই ছিলেন ব্যাপক গ্রহণযোগ্য।
কথিত আছে তার কাছে গেলেই সব সমস্যার সমাধান হতো। তার সমাধি স্থানটি এখন ভারতীয় এলাকায়। মৃত্যুর পর থেকে প্রতিবছর ফাল্গুনের ১১ ও ১২ তারিখে তার দরগায় ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল হয়। এ উপলক্ষেই আয়োজন করা হয় ওরস ও মেলা।
মেলা কেন্দ্র করে প্রতিবছরই বড় দরগা এলাকা থাকে দুই দেশের নাগরিকদের আনাগোনায় মুখর। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাদের যাতায়াতের সুবিধার জন্য সীমান্তে কড়াকড়িও ছিল কিছুটা শিথীল।
ওরসে আসা ভারতের জলপাইগুড়ির বিপেন চন্দ্র রায় জানান, এই দিনটির জন্য তারা প্রতিবছর প্রতীক্ষায় থাকেন।
ওরস কমিটির সভাপতি ও হাড়িভাসা ইউনিয়নের ইউপি সদস্য রফিজুল হক জানান, এবারে ৬৩ তম ওরস পালিত হয়েছে।
