জালিয়াতির দায়ে বিচারপতি ফয়জীর এলএলবি সনদ বাতিল
জালিয়াতির দায়ে হাইকোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর এলএলবি পাসের সনদ বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শনিবার সিন্ডিকেটের এক সভায় ফলাফল জালিয়াতি করার দায়ে ফয়জীসহ প্রায় ২৪০০ জনের সনদ বাতিল করা হয়। (সংশোধিত)
সিন্ডিকেট বাতিল হওয়া সনদপত্র ফেরত নেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের চিঠি দিতে নির্দেশ দিয়েছে।
শনিবার দুপুর থেকে দীর্ঘ সাত ঘন্টা সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান আহমদ নফহবংি২৪.পড়স কে বলেন,“ফলাফল জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দীর্ঘ আলোচনা শেষে আজকের সিন্ডিকেট জালিয়াতি ও অনিয়মের জন্য নেওয়া ৩৫৩ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
সিন্ডিকেটের ৩৫৩ তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল, পূর্ববর্তী কমিটির প্রদত্ত প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট পরীক্ষা সমূহের ফলাফলের গেজেট সংশোধন করা হোক। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হোক, অনুত্তীর্ণদের যারা জাল সার্টিফিকেট, মার্কশিট যোগাড় করেছে তা বাতিল করা হোক এবং সেগুলো ফেরত দেওয়ার জন্য তাদের চিঠি দেওয়া হোক।
অধ্যাপক সুলতান বলেন, “পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর চিঠি দেওয়ার পরও বাতিল হওয়া মূল ও সাময়িক সনদপত্র কিংবা নম্বরপত্র ফেরত দেওয়া না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করবে।”
সিন্ডিকেটের আরেক সদস্য, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলাল নিজামী বলেন “বিচারপতি ফয়জীর এলএলবির প্রিলিমিনারি এবং ফাইনাল উভয় পরীক্ষার টেব্যুলেশন শিটে ঘষামাজা থাকায় সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী তার সনদও বাতিল হয়ে যাবে।”
তবে ১৯৯৬ সালের তদন্ত কমিটির প্রতিবেদনের পর যেসব অভিযুক্ত পরীক্ষার্থী আবার নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের ফলাফল গেজেট আকারে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষা দিয়ে এলএলবি পরীক্ষায় ১৫ থেকে ২০ জন পাশ করেছিল বলে তিনি জানান।
ফয়সল মাহমুদ ফয়জী ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। এরপর দুটি জাতীয় দৈনিকে তার এলএলবি প্রিলিমিনারি পরীক্ষার টেব্যুলেশন শিটে ব্যাপক অনিয়ম রয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনার পর ২০০৪ সালের ৯ নভেম্বর সিন্ডিকেটের ৪১৬ তম সভায় পরীক্ষায় জালিয়াতি, নম্বরপত্র ও সনদপত্রে অনিয়ম খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান ছিলেন সাবেক উপ--উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দিন। অপর সদস্যরা হলেন--ইংরেজি বিভাগের অধ্যাপক মোস্তাইন বিল্লাহ ও অধ্যাপক সিরাজুল ইসলাম, আইন বিভাগের মোরশেদ মাহমুদ এবং আব্দুল মান্নান চৌধুরী।
মাস দুয়েক আগে এই কমিটি প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিলেও তিনি তা সিন্ডিকেটে উপস্থাপন করেননি বলে সিন্ডিকেট সদস্য হেলাল নিজামী জানান। সর্বশেষ এই কমিটির রিপোর্টের ৫ নং পৃষ্ঠায় ফয়জীর ব্যাপারে বলা হয়েছে, তার প্রিলিমিনারি পরীক্ষার রোল--১৯৩৪, ফাইনাল পরীক্ষার রোল--৩৬৫২। দুই পরীক্ষারই সন--১৯৮৯। উভয় পরীক্ষাতে ফলাফল দেখানো আছে তৃতীয় শ্রেণী। মন্তব্য করা হয়েছে : উভয় টেব্যুলেশন শিটে ঘষামাজা।
এর আগে ১৯৯৬ সালে গঠন করা তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের পরীক্ষাসংক্রান্ত জালিয়াতি উদঘাটন করে রিপোর্ট প্রদান করে এবং ফলাফল বাতিলের সুপারিশ করে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এতদিন তা কার্যকর করা হয়নি। ২০০৪ সালে ২৩ আগস্ট বিচারপতি ফয়জী হাইকোর্টে বিচারপতি হিসাবে নিয়োগ লাভের পর বিষয়টি আবার সামনে চলে আসে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফয়সল মাহমুদ ফয়জী ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি প্রিলিমিনারি ও ফাইনাল পরীক্ষায় অংশ নেন। ১৯৯৬ সালে বিশ্ববিদ্যলয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৩৫৩ তম সিন্ডিকেট সভায় কাটাকাটি, নম্বর পরিবর্তন, স্বাক্ষরবিহীন টেব্যুলেশন শিট এর জন্য ১৫ জন এলএলবি পরীক্ষার্থীকে অনিয়মের দায়ে অভিযুক্ত করা হয়। এই ১৫ জন পরীক্ষার্থীর টেব্যুলেশন শিটে কাটাকাটি বা ঘষামাজার পর তাতে স্বাক্ষর করা ছিল না। ১৫ জনের মধ্যে ফয়জীও ছিলেন।
টেব্যুলেশন শিটের ১০৬ নম্বর পৃষ্ঠায় তার প্রাপ্ত নম্বর ৩৯ দেখানো হয়েছে। সেখানে কাটাকাটি ও ঘষামাজার স্পষ্ট চিহ্ন রয়েছে। লাল কালির দাগও রয়েছে। সাধারণত পরীক্ষার্থীরা যে বিষয়ে অকৃতকার্য হয় সেই বিষয়ের নম্বরের নিচে লাল কালির চিহ্ন দেওয়া হয়।
প্রসঙ্গত প্রতিটি পত্রের পাশ নম্বর ৩০।
সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতির আশ্রয় নিয়ে পরীক্ষার ফলাফল পাল্টে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের পর ১৯৯৬ সালের ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম তদন্ত কমিটি গঠন করে।
তৎকালীন রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম এ সালেহকে প্রধান করে গঠন করা ওই কমিটির বাকি দুই সদস্য ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম।
এই কমিটি ১৯৮৩ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষার ১০ বছরের ফলাফলের অনিয়ম শনাক্ত করে এবং এলএলবি পরীক্ষার সাত বছরের ফলাফল (১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত) যাচাই করে।
পরীক্ষানিরীক্ষা শেষে এই কমিটি এলএলবির ১১১ জনের ফলাফলে অনিয়ম খুঁজে পায়। তদন্ত প্রতিবেদনে, ১৯৮৯ সালে এ ধরনের জালিয়াতিতে মাত্র একজন পরীক্ষার্থী আছে বলে উল্লেখ করা হয়। কাটাকাটি, নম্বর পরিবর্তন, স্বাক্ষরবিহীন ছকে ফলের জন্য অভিযুক্ত করা হয় চট্টগ্রাম আইন কলেজের রোল নম্বর ৩৬৫২ কে। এই রোল নম্বরটিই ফয়সল মাহমুদ ফয়জীর।
তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ঐ টেব্যুলেশন শিটে তার রোল নম্বর আলাদাভাবে লাল কালিতে চিহ্নিত করে ইংরেজিতে স্টপ লিখে দেয়। যার অর্থ তার মার্কশিট বা মূল সনদপত্র ইস্যু করা যাবে না।
পরীক্ষাসংক্রান্ত ব্যাপক জালিয়াতি ও দুর্নীতির কারণে সে সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জিএম এ লতিফ খানসহ কয়েকজনকে চাকুরিচ্যুতও করা হয়।
জানা যায়, পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফয়জী তার এলএলবি পাশের সাময়িক সনদপত্র (নম্বর ৯২৫, ইস্যু তারিখ-১০-১২-৯০) তুলে নেন। এর ওপর ভিত্তি করে তিনি পরবর্তী সময় আইন পেশায় যোগ দেন। তিনি ১৯৯১ সালের নভেম্বরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সনদপত্র লাভের আবেদন করেন। এরপর চট্টগ্রামে আইনপেশায় নিযুক্ত ছিলেন। ১৯৯৪ সালের জানুয়ারিতে তিনি হাইকোর্টে প্রাকটিস শুরুর অনুমতি পান এবং একই বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন।
