২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ফয়জী আদালতে বসেননি, সোমবারের কার্যতালিকায় নাম নেই

সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী রোববার আদালতে বসেননি। আদালত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সোমবারের কার্যতালিকায়ও তার নাম রাখা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 09:34 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

তার এলএলবি সনদ বাতিলের খবর প্রকাশিত হওয়ার পর প্রধান বিচারপতি রোববার বিচারপতি ফয়জী সংক্রান্ত সমস্ত নথি তলব করেন। দুপুরে তিনি বিষয়টি নিয়ে বৈঠক করেছেন আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে। এরপর ফয়সল মাহমুদ ফয়জী নিজেও দেখা করেন প্রধান বিচারপতির সঙ্গে। (আরও তথ্যসহ)  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারাও প্রধান বিচারপতির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। তিনি শিগগিরই বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছেন।

ফলাফল জালিয়াতির বিষয়টি প্রমাণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শনিবার সিন্ডিকেটের এক সভায় ফয়সল মাহমুদ ফয়জীসহ মোট দুই হাজার ৪০০ জনের পাসের সনদ বাতিল করে। এর আগে বার কাউন্সিলও তার আইন পেশার সনদ বাতিল করেছে।

সুপ্রিম কোর্ট সংশি¬ষ্ট সূত্র জানায়, ফয়সল মাহমুদ ফয়জী ছুটির একটি দরখাস্ত করেছেন। তবে তিনি ঠিক কতদিনের ছুটি নিয়েছেন সে সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।

বিচারপতি ফয়জীর পারিবারিক সূত্র জানায়, তিনি পদত্যাগ করবেন না। সোমবার তিনি যথারীতি আদালতে যাবেন। তবে বিচারকাজে অংশ নেবেন না।

রোববার হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকায় বিচারপতি ফয়জীর নামে একটি ফৌজদারি একক বেঞ্চের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছিল। ৩৪৪ পৃষ্ঠার তালিকার প্রায় শেষদিকে ৩৩৮ পৃষ্ঠায় ফৌজদারি আপিল ও ফৌজদারি রিভিশন শুনানির ক্ষমতা দেওয়া হয়েছিল তাকে।

বিচারপতি ফয়জীর সনদ বাতিলের খবরটি সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচারের পর সুপ্রিম কোর্ট বর্ধিত ভবনের ২৮ নম্বর কক্ষে আইনজীবীরা সকাল থেকেই উঁকি--ঝুঁকি মারেন ও বুঝতে চেষ্টা করেন যে তিনি এখানে বসবেন কিনা।  

ওই বেঞ্চের কর্মকর্তা তাদের জানান, বিচারপতি ফয়জী একদিনের ছুটি নিয়েছেন। জানা গেছে, তিনি প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিবকে ফোন করে এক দিনের ছুটি নেন।

তার বেঞ্চের সামনে সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি নোটিশ টাঙিয়ে বলা হয়, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী আজকের (রোববার) তালিকার কোনো মামলা শুনানির জন্য গ্রহণ করবেন না।

এরপর দুপুরে তিনি আদালতে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, সম্পাদক এ এম আমিনউদ্দিনসহ সমিতির নেতারা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। সমিতির বার্ষিক ভোজ ও প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোই দেখা করার উদ্দেশ্য হলেও সেখানে বিচারপতি ফয়জীর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানায়।

সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম অবশ্য বলেছেন, প্রধান বিচারপতির সঙ্গে বেঞ্চ গঠন নিয়েই কথা হয়েছে। তিনি বলেন, ফয়সল মাহমুদ ফয়জী এখন আর বিচারক নন। কারণ তার এলএলবির সনদই বাতিল হয়ে গেছে।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনিই ঠিক করবেন এখন কী করবেন। তবে হাইকোর্ট এর আগে তার পক্ষে রায় দিয়েছিল।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের আমলের আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, ন্যূনতম আত্মসম্মান থাকলে বিচারপতি ফয়জী এখন পদত্যাগ করবেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা থাকায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা উচিত।

ড. এম জহির বলেন, বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্য বিচারপতি ফয়জীর চিন্তা করা উচিত তিনি বিচারকের পদ থেকে বেরিয়ে আসবেন কিনা। বার কাউন্সিল আইন পেশার সনদ বাতিল করার পরও তিনি জজিয়তি করছেন। এবার তার এলএলবির সনদও গেল।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছেন, সুপ্রিম কোর্টের ভাবমূর্তি পুনরুদ্ধারের স্বার্থে বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে দিতে হবে। চা চক্রে দাওয়াত দিয়ে রাষ্ট্রপতি তাদের পদত্যাগ করতে বলতে পারেন।

অন্যদিকে শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বাতিল হওয়া সনদপত্র ফেরত নেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের চিঠি দিতে নির্দেশ দিয়েছে।

শনিবার দুপুর থেকে দীর্ঘ সাত ঘণ্টা সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান আহমদ নফহবংি২৪.পড়স কে বলেন,“ফলাফল জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দীর্ঘ আলোচনা শেষে আজকের সিন্ডিকেট জালিয়াতি ও অনিয়মের জন্য নেওয়া ৩৫৩ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

সিন্ডিকেটের ৩৫৩ তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল, পূর্ববর্তী কমিটির প্রদত্ত প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট পরীক্ষা সমূহের ফলাফলের গেজেট সংশোধন করা হোক। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হোক, অনুত্তীর্ণদের যারা জাল সার্টিফিকেট, মার্কশিট যোগাড় করেছে তা বাতিল করা হোক এবং সেগুলো ফেরত দেওয়ার জন্য তাদের চিঠি দেওয়া হোক।

অধ্যাপক সুলতান বলেন, “পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর চিঠি দেওয়ার পরও বাতিল হওয়া মূল ও সাময়িক সনদপত্র কিংবা নম্বরপত্র ফেরত দেওয়া না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করবে।”

সিন্ডিকেটের আরেক সদস্য, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলাল নিজামী বলেন, “বিচারপতি ফয়জীর এলএলবির প্রিলিমিনারি এবং ফাইনাল উভয় পরীক্ষার টেব্যুলেশন শিটে ঘষামাজা থাকায় সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী তার সনদও বাতিল হয়ে যাবে।”

ফয়সল মাহমুদ ফয়জী ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। এরপর দুটি জাতীয় দৈনিকে তার এলএলবি প্রিলিমিনারি পরীক্ষার টেব্যুলেশন শিটে ব্যাপক অনিয়ম রয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনার পর ২০০৪ সালের ৯ নভেম্বর সিন্ডিকেটের ৪১৬ তম সভায় পরীক্ষায় জালিয়াতি, নম্বরপত্র ও  সনদপত্রে অনিয়ম খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান ছিলেন  সাবেক উপ--উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দিন। অপর সদস্যরা হলেন--ইংরেজি বিভাগের অধ্যাপক মোস্তাইন বিল্লাহ ও অধ্যাপক সিরাজুল ইসলাম, আইন বিভাগের মোরশেদ মাহমুদ এবং আব্দুল মান্নান চৌধুরী।

মাস দুয়েক আগে এই কমিটি প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিলেও তিনি তা সিন্ডিকেটে উপস্থাপন করেননি বলে সিন্ডিকেট সদস্য হেলাল নিজামী জানান। সর্বশেষ এই কমিটির রিপোর্টের ৫ নং পৃষ্ঠায় ফয়জীর ব্যাপারে বলা হয়েছে, তার প্রিলিমিনারি পরীক্ষার রোল--১৯৩৪, ফাইনাল পরীক্ষার রোল--৩৬৫২। দুই পরীক্ষারই সন--১৯৮৯। উভয় পরীক্ষাতে ফলাফল দেখানো আছে তৃতীয় শ্রেণী। মন্তব্য করা হয়েছে : উভয় টেব্যুলেশন শিটে ঘষামাজা।

এর আগে ১৯৯৬ সালে গঠন করা তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের পরীক্ষাসংক্রান্ত জালিয়াতি উদঘাটন করে রিপোর্ট প্রদান করে এবং ফলাফল বাতিলের সুপারিশ করে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এতদিন তা কার্যকর করা হয়নি। ২০০৪ সালে ২৩ আগস্ট বিচারপতি ফয়জী হাইকোর্টে বিচারপতি হিসাবে নিয়োগ লাভের পর বিষয়টি আবার সামনে চলে আসে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফয়সল মাহমুদ ফয়জী ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি প্রিলিমিনারি ও ফাইনাল পরীক্ষায় অংশ নেন। ১৯৯৬ সালে বিশ্ববিদ্যলয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৩৫৩ তম সিন্ডিকেট সভায় কাটাকাটি, নম্বর পরিবর্তন, স্বাক্ষরবিহীন টেব্যুলেশন শিট এর জন্য ১৫ জন এলএলবি পরীক্ষার্থীকে অনিয়মের দায়ে অভিযুক্ত করা হয়। এই ১৫ জন পরীক্ষার্থীর টেব্যুলেশন শিটে কাটাকাটি বা ঘষামাজার পর তাতে স্বাক্ষর করা ছিল না। ১৫ জনের মধ্যে ফয়জীও ছিলেন।

টেব্যুলেশন শিটের ১০৬ নম্বর পৃষ্ঠায় তার প্রাপ্ত নম্বর ৩৯ দেখানো হয়েছে। সেখানে কাটাকাটি ও  ঘষামাজার স্পষ্ট চিহ্ন রয়েছে।  লাল কালির দাগও রয়েছে। সাধারণত পরীক্ষার্থীরা যে বিষয়ে অকৃতকার্য হয় সেই বিষয়ের নম্বরের নিচে লাল কালির চিহ্ন দেওয়া হয়।

প্রসঙ্গত প্রতিটি পত্রের পাশ নম্বর ৩০।

সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতির আশ্রয় নিয়ে পরীক্ষার ফলাফল পাল্টে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের পর ১৯৯৬ সালের ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম তদন্ত কমিটি গঠন করে।

তৎকালীন রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম এ সালেহকে প্রধান করে গঠন করা  ওই কমিটির বাকি দুই সদস্য ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম।

এই কমিটি ১৯৮৩ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষার ১০ বছরের ফলাফলের অনিয়ম শনাক্ত করে এবং এলএলবি পরীক্ষার সাত বছরের ফলাফল (১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত) যাচাই করে।

পরীক্ষা--নিরীক্ষা শেষে এই কমিটি এলএলবির ১১১ জনের ফলাফলে অনিয়ম খুঁজে পায়। তদন্ত প্রতিবেদনে, ১৯৮৯ সালে এ ধরনের জালিয়াতিতে মাত্র একজন পরীক্ষার্থী আছে বলে উল্লেখ করা হয়। কাটাকাটি, নম্বর পরিবর্তন, স্বাক্ষরবিহীন ছকে ফলের জন্য অভিযুক্ত করা হয় চট্টগ্রাম আইন কলেজের রোল নম্বর ৩৬৫২ কে। এই রোল নম্বরটিই ফয়সল মাহমুদ ফয়জীর। 

তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ঐ টেব্যুলেশন শিটে তার রোল নম্বর আলাদাভাবে লাল কালিতে চিহ্নিত করে ইংরেজিতে স্টপ লিখে দেয়। যার অর্থ তার মার্কশিট বা মূল সনদপত্র ইস্যু করা যাবে না।

পরীক্ষাসংক্রান্ত ব্যাপক জালিয়াতি ও দুর্নীতির কারণে সে সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জিএম এ লতিফ খানসহ কয়েকজনকে চাকুরিচ্যুতও করা হয়।

জানা যায়, পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফয়জী তার এলএলবি পাশের সাময়িক সনদপত্র (নম্বর ৯২৫, ইস্যু তারিখ-১০-১২-৯০) তুলে নেন। এর ওপর ভিত্তি করে তিনি পরবর্তী সময় আইন পেশায় যোগ দেন। তিনি ১৯৯১ সালের নভেম্বরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সনদপত্র লাভের আবেদন করেন। এরপর চট্টগ্রামে আইনপেশায় নিযুক্ত ছিলেন। ১৯৯৪ সালের জানুয়ারিতে তিনি হাইকোর্টে প্রাকটিস শুরুর অনুমতি পান এবং একই বছরের  জুলাই মাসে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন।