ক্রেতাহীন হলিডে মার্কেটে বৃষ্টির বাগড়া
ক্রেতার অভাবে ভুগছে হলিডে মার্কেটগুলো। বৃষ্টির কারনে শুক্রবার ক্রেতার সংকট আরো বাড়িয়ে তুলেছে।
ঢাকার গুলিস্তান মোড়ে, মৎস্য ভবনের সামনে রাস্তায়, মানিক মিয়া এভিনিউ ও মিরপুর চিডিখানার সামনের রাস্তার ওপর বসানো ছুটির দিনের হকার বাজারগুলো ঘুরে দেখা যায়, ক্রেতাহীন অবস্থায় পণ্য সাজিয়ে বসে রয়েছে উচ্ছেদকৃত হকাররা।
এসব বাজারের হকাররা জানিয়েছেন, ছুটির দিনে রাস্তার ওপর বাজার না বসিয়ে বরং শহরের ব্যস্ততম বাজারগুলোর বন্ধের দিনে হকারদের বাজার বসানোর সুযোগ দেওয়া হলে তা হকারদের জন্য অধিক সুবিধাজনক হবে।
গুলিস্তানের জামাকাপড় বিক্রয়কারী হকার শুম্ভ নাথ ঘোষ নফহবংি২৪.পড়স জানান, বৃষ্টির কারনে আজ ক্রেতা না থাকলেও গত শুক্রবারে প্রথম দিনের বাজার ভাল ছিল।
তিনি বলেন, ঢাকায় ছুটির দিনের অন্য হকারদের বাজারগুলোর মধ্যে এ বাজার এবং মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের বাজারের অবস্থা খানিকটা ভাল।
এদিকে মানিক মিয়া এভিনিউ শার্ট বিক্রয়কারী সাইদুর রহমান বলেন, গত শনিবার থেকে সিটি করপোরেশন প্রতিদিন বসার সুযোগ দেওয়ার পর আমরা ভেবে ছিলাম ধীরে ধীরে হয়ত বাজার গড়ে উঠবে। কিন্তু আজ সকাল থেকে আমাদের উত্তর দিকের রাস্তায় বসতে দিচ্ছে না।
তিনি বলেন, “শুক্রবার সকালে ফার্মগেট পুলিশ এসে জানিয়েছে, দক্ষিন পাশে বসতে হবে। এই জায়গায় ক্রেতারা আসেনা। ফলে আগামীকাল থেকে আমরা আর আসবো না।”
আগের শুক্রবারগুলোর ক্রেতার অভাবে হতাশ হওয়া বিভিন্ন বাজারের হকাররা জানিয়েছেন, সাধারণত ক্রেতারা আনুষ্ঠানিকভাবে হকার মার্কেটগুলোতে কিনতে আসেনা। বরং রাস্তা চলাচল করা যাত্রীরা হকার বাজারগুলো থেকে তাদের পছন্দের বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে। ফলে ক্রেতা সমাবেশের দিকে লক্ষ্য না রেখে হকার বাজারগুলো তৈরি না করলে তা কোন দিনই সফল হবে না।
মৎস্যভবনের সামনের রাস্তায় প্যান্ট বিক্রেতা মো. শাহজাহান বলেন, প্রতিদিন মাল পরিবহন করে আনায় খরচ বেশি। বাজারগুলো বিকেল পাঁচটায় না তুলে বরং সাতটা পর্যন্ত সময় দেওয়া উচিত।
তবে হকারা জানিয়েছেন, মঙ্গলবার গাউছিয়া মার্কেটের সামনে, বুধবার বসুন্ধরা মাকেটের সামনে ও রবিবার ইস্টান প্লাজার সামনে হকার বাজারগুলো শুক্রবারের হকার বাজারগুলো চেয়ে ভাল।
এদিকে শুক্রবার থেকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এবং গত সপ্তাহ থেকে শনিবার মৌচাকে আনারকলি মাকেটের সামনে হকার বাজার বসার অনুমতি দেওয়া হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ঢাকার রাস্তায় অবৈধ হকার উচ্ছেদের পর তাদের পুর্ণবাসন জন্য গত মাসের প্রথম সপ্তাহের পর থেকে শহরের বেশ কয়েকটি রাস্তায় ছুটির দিনে ”হলিডে মার্কেট” নামে বাজার বসানোর সুযোগ দিয়েছে। একই সঙ্গে ধীরে ধীরে শহরের ব্যস্ততম বাজারগুলোর বন্ধের দিনে হকারদের বাজার বসানোর সুযোগ দিতে শুরু করেছে।
