ফালুর বাগানবাড়ি থেকে ১৫টি চিত্রা হরিণ জব্দ
ঢাকা-- ১০ আসনে বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর সাভারের বাগানবাড়ি থেকে শুক্রবার দুপুরে বিরল প্রজাতির ১৫টি চিত্রা হরিণ জব্দ করেছে বনবিভাগ।
হরিণগুলো বাগানবাড়ি ম্যানেজার শফিউল আজম স্বপনের জিম্মায় রাখা হয়েছে।
আশুলিয়া থানার এসআই রমিজুল হক জানান, ঢাকা জেলা ডিবি, আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা বনবিভাগের নেতৃত্বে শুক্রবার দুপুরে গোহাইল বাড়ি এলাকায় ফালুর বাগানবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পালনের অভিযোগে জব্দ করা হয় বিরল প্রজাতির ১৫টি চিত্রা হরিণ।
হরিণ পালনের পর্যাপ্ত কাগজপত্র দেখাতে পারেনি বাগানবাড়ির লোকজন। ১৯৯৫ সালে মোসাদ্দেক আলী ফালু বন বিভাগ থেকে ২ হাজার টাকার বিনিময়ে চারটি চিত্রা হরিণ কেনেন। এর রশিদ দেখানো হয় বন বিভাগ কর্মকর্তাদের।
এসআই রমিজুল হক জানান, বেসরকারিভাবে হরিণ পালন করতে হলে জায়গাটি বন্যপ্রাণী পালনের উপযুক্ত কিনা তা বনবিভাগ দিয়ে পরীক্ষা করাতে হয়। এছাড়া ৩ মাস পর পর বন বিভাগকে রিপোর্ট দেওয়ারও নিয়ম রয়েছে।
এ ব্যাপারে বাগানবাড়ির ম্যানেজার শফিউল আজম স্বপন বলেন, ১৯৯৫ সালে আমরা চারটি হরিণ কিনেছিলাম। বংশ বৃদ্ধির কারণে এখন সব মিলিয়ে ১৫টি রয়েছে।
