২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সাংসদ আমজাদ হোসেনের বিরুদ্ধে মামলা

নীলফামারী--৪ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার ভজেসহ ছয় জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলা দায়ের করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 08:29 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সৈয়দপুর ডিগ্রি কলেজের প্রভাষক শাখাওয়াৎ হোসেন খোকন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থানায় এ মামলা করেন। 

অন্য আসামীরা হলেন-- সৈয়দপুরের সাপ্তাহিক আলাপন পত্রিকার সম্পাদক আমিনুল হক, কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আলম, সৈয়দপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, একই কলেজের উপাধ্যক্ষ ও সৈয়দপুর বিএনপি মহিলা দলের সভাপতি নার্জিস বানু এবং অধ্যাপক মোসলেম উদ্দীন আহমেদ।

মামলায় বলা হয়েছে, আসামীরা  গত ৫ বছরে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সৈয়দপুরের আটটি কলেজে নিয়োগ বাণিজ্য ও উন্নয়নের নামে ৫০ কোটি ও শিল্প সাহিত্য সংসদের পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া ট্রাক ড্রাইভার ইউনিয়নের দেয়াল ভেঙে আত্মসাৎ করা হয় তিন লাখ টাকার ইট।

আমজাদ হোসেন সরকার পৌরসভা চেয়ারম্যান থাকার সময় ছোট ভাই যুবদল সভাপতি রশিদুল হক সরকারকে দিয়ে পৌরসভার ১৫০ কোটি টাকার টেন্ডার হাতিয়ে করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, সরকারি বিধিমালা অনুযায়ী একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় দুটি ডিগ্রি ও দুটি ইন্টারমিডিয়েট কলেজে সভাপতি পদে থাকতে পারেন। কিন্তু আমজাদ হোসেন সরকার বিধিমালা লংঘন করে  আটটি কলেজে সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ওইসব কলেজে কর্মরত অন্য রাজনৈতিক আদর্শের শিক্ষক--কর্মচারীদের বিনা কারণে বেতন বন্ধ ও চাকুরিচ্যুত করতেন। বাদী তার এই প্রতিহিংসার শিকার বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সৈয়দপুর থানার এসআই মমিনুল ইসলাম মোমিন জানিয়েছেন, মামলাটি নথিভুক্ত করে তদন্ত করা হচ্ছে।

আত্মগোপনে থাকা আমজাদ হোসেন সরকার ভজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও মনগড়া। চার আনা পয়সাও আমি আত্মসাত করিনি।”