২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপিতে লিগাল সার্ভিস ব্যবস্থাপনা চালু

পুলিশের সেবার মান উন্নয়নে বৃহস্পতিবার থেকে ঢাকার নয়টি থানায় আনুষ্ঠানিকভাবে লিগাল সার্ভিস ডেলিভারি ব্যবস্থা চালু করা হয়েছে। ডিএমপির বাকি ২৪ টি থানাকেও আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যবস্থার আওতায় আনা হবে। থানায় সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য সেখানে সার্বক্ষণিক নূন্যতম এসআই পদমর্যাদার একজন ডেলিভারি অফিসার থাকবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 05:15 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ বৃহস্পতিবার সকাল ১১ টায় ডিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল জলিল, ডিবির উপ--পুলিশ কমিশনার (ডিসি) গোলাম কিবরিয়া এবং সহকারি কমিশনার (জনসংযোগ) নাজিমুল হক এ সময় উপস্থিত ছিলেন।

নাইম আহমেদ জানান, প্রথম পর্যায়ে রমনা, ধানমন্ডি, কোতয়ালী, সূত্রাপুর, পল্টন, মোহাম্মদপুর, মিরপুর, গুলশান এবং উত্তরা থানাকে লিগাল সার্ভিস ডেলিভারি ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মহনগরীর সবকটি থানাকে এর আওতায় আনা হবে।

ডিএমপি কমিশনার বলেন, যথাসম্ভব দ্রুততম সময়ে আগত সেবা প্রত্যাশীদের সেবা প্রদান, অনৈতিক ও অপেশাদার কার্যক্রম থেকে থানাকে দূরে রেখে এগুলোকে পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করা এবং থানার সব সদস্যের দায়বদ্ধতা প্রতিষ্ঠা করার জন্য লিগাল সার্ভিস ডেলিভারি ব্যবস্থাপনা হাতে নেওয়া হয়েছে।

সার্ভিস ডেলিভারি অফিসারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তিনি বলেন, ডেলিভারি অফিসার থানায় আসা সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহার করে তাদের কথা ধৈর্য নিয়ে শুনে কাজটি করবেন। তিনি থানা সংশ্লিষ্ট আইন ও পদ্ধতি সম্পর্কে ধারণা ও পরামর্শ দেবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “থানায় গেলে মানুষ ভালো ব্যবহার পান না। শত বছরের দুর্ভোগের এই সংস্কৃতি আমরা দূর করে ছাড়বো। অনৈতিক ও অপেশাদার কাজ থেকে এ প্রতিষ্ঠানকে সম্পূর্ণ মুক্ত করা হবে।”   

সার্ভিস ডেলিভারি অফিসারের দায়বদ্ধতা সম্পর্কে তিনি বলেন, প্রত্যেক কর্মকর্তা ব্যাক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন এবং প্রকাশ্যে ও গোপনে তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ডেলিভারি ব্যবস্থাপনার নিবিড় তদারকির জন্য মহানগরের ৩৩ থানায় ডিসি, এডিসি এবং এসি পদমর্যাদার ৩৩ জন তদারকি কর্মকর্তা নিয়োগ করা হবে।

ইউএনডিপির মডেল থানা কার্যক্রমের সঙ্গে ডেলেভারি সার্ভিসের পার্থক্য প্রসঙ্গে নাইম আহমেদ বলেন, মডেল থানা কর্মসূচির মাধ্যমে থানাগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। কিন্তু লিগাল সার্ভিস ডেলেভারির মধ্যে পুলিশ কর্মকর্তাদের মানসিক বিপ্লব ঘটানো হবে।

এদিকে ধানমন্ডি থানার লিগাল সার্ভিস ডেলেভারি কর্মকর্তা এসআই আব্দুল হাই প্রথম দিনে তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে নফহবংি২৪.পড়স কে বলেন, থানায় আসা কমপক্ষে ৩০ জনকে তিনি সহায়তা করেছেন। এর মধ্যে লিখতে জানেন না এমন ১৫ জনের জিডি ও মামলা তিনি লিখে দিয়েছেন। এর বাইরে মৌখিকভাবে অন্য বেশ কয়েকজনের সমস্যাও সমাধান করা হয়েছে।