বান্দরবানে ৬১ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে
১৫তম জাতীয় টিকা দিবসে বান্দরবান পার্বত্য জেলায় ৬১ হাজার ২৬৭ জন শিশুকে পোলিও টিকা এবং ৪২ হাজার ৮২৬ জনকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
এদিকে জাতীয় টিকা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ আবদুস সালাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কো--অর্ডিনেটর হাসানুজ্জামান, ডা. মাহাবুবুর রহমান ইউনিসেফ এর ডা. উ বাচিং মারমা ও অং চানু মারমা।
সিভিল সার্জন জানান, ১৫ তম জাতীয় টিকা দিবসের ১ম রাউন্ড আগামী শনিবার ৩ মার্চ এবং ২য় রাউন্ডে আগামী ৮ এপ্রিলে শিশুদের পোলিও এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৭৯৯ টি টিকা কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র ৩ হাজার ৭৬৩ জন স্বেচ্ছাসেবীসহ মোট ৩ হাজার ৯৯৫ জন এ কাজে দায়িত্ব পালন করবে। এর মধ্যে ১৮১টি কেন্দ্রই দুর্গম এলাকায়।
