২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসে জড়িত থাকলে সংগঠন নিষিদ্ধ, দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যে কোনো সংগঠন বা সংস্থাকে নিষিদ্ধ এবং এরসঙ্গে জড়িতদের দ্রুত বিচার করতে ‘সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ-২০০৭’ নামে নতুন আইন করতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। বুধবার আইনটির খসড়া পরীক্ষা---নিরীক্ষা করে চূড়ান্ত করার জন্য আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কোনো সংগঠন বা সংস্থা রাষ্ট্রের ক্ষতি করে বা ক্ষতিকর কিছু করার চিন্তা ভাবনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ আইন প্রণয়ন করা হচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 07:37 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

তিনি বলেছেন, “সন্ত্রাসবিরোধী আইন করার মানে এই নয় যে, বাংলাদেশে ব্যাপক সন্ত্রাস বিরাজ করছে। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক যে পদক্ষেপ নেয়া তারই সহায়ক হিসেবে এ আইন প্রণয়ন করা হচ্ছে। তবে এটি চূড়ান্ত করতে আরো কয়েকটি বৈঠকের দরকার হবে”।

মইনুল বলেন, “নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে অধ্যাদেশটিতে সন্ত্রাসের সংজ্ঞা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। এ আইনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড।”

উপদেষ্টা জানান, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ-২০০৭-এ অভিযুক্তদের বিচারের জন্য বিশেষ আদালত থাকবে। দ্রুততম সময়ে এদের বিচার কাজ শেষ করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হবে। বিনা বিচারে আটক রাখার কোনো বিধান থাকবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, “যেসব সংগঠন সন্ত্রাস করবে তাদের কার্যক্রম বন্ধ এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিধান থাকবে। এসব সংগঠনকে যারা প্রশ্রয় দেয় বা সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ থাকবে আইনটিতে।”

আইন উপদেষ্টা বলেন, “বিদেশ থেকে আসা অর্থের ব্যাপারে ব্যাংকগুলো যেন সচেষ্ট থাকে এবং সন্ত্রাসী সংগঠনগুলোর নামে আসা অর্থ ব্যাংকগুলো যেন চিহ্নিত করতে এবং ব্যবস্থা নিতে পারে সে ব্যাপারেও আইনটিতে বিধান থাকবে।”

খসড়াটি পরীক্ষা---নিরীক্ষার জন্য আরো সময় লাগবে বলে মইনুল হোসেন জানিয়েছেন। 

বৈঠক সুত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত আইনের খসড়ায় বলা হয়েছে, দেশের বাইরের ঘটনাও এ আইনের অধীনে আনা যাবে। বিদেশি কেউ বাংলাদেশের কোনো সংস্থা বা ব্যক্তিকে সন্ত্রাসের জন্য অর্থ বা অস্ত্রের যোগান দিলে এ আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এ ধরনের একটি বিধান মানি লন্ডারিং আইনেও রয়েছে তাই নতুন আইনে এ ধারাটি অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

খসড়ায় বলা হয়েছে, সন্ত্রাস সংক্রান্ত সব অপরাধ এর আওতায় আসবে। অপরাধের মধ্যে রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কাজে জড়িত হওয়া, এধরনের কাজে মদদ দেওয়া, অর্থ যোগান দেয়া, অস্ত্র, বোমা বা যেকোনো ধরনের মারণাস্ত্র সরবরাহ করা, প্রশিক্ষণ দেয়া ইত্যাদি।

সন্ত্রাসী হিসাবে সন্দেহ করা হয় এমন ব্যক্তিদের চলাফেরার উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য ‘কন্ট্রোল অর্ডার’ নামে একটি বিধান এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সন্দেহ ভাজন ব্যক্তিকে আগে থেকেই বলে দেওয়া হবে যে, কোন নির্দিষ্ট এলাকার বাইরে যাওয়া যাবে না। অথবা চিহ্নিত সংস্থা গুলোর সঙ্গে যোগাযোগও রাখতে পারবে না। এরপরও যদি সেই ব্যক্তি ঐ কাজগুলো করে তাহলে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করে নতুন আইনের অধীনে বিচার করা হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

আদালতে ভিডিও ফুটেজ প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে। আইন পাশ হলে বেসরকারি কোনো সংস্থা বিদেশী কোন প্রতিষ্ঠান থেকে টাকা আনতে চাইলে সরকারের আগাম অনুমতি নিতে হবে।

বৈঠকে উপস্থাপিত খসড়ায় আরো বলা হয়েছে, এ আইনের অধীনে দায়ের করা মামলার বিচার হবে দ্রুতবিচার ট্রাইবুন্যালে। তবে জেলা দায়রা জজের আদালতেও বিচার করা যাবে। অভিযোগপত্র দেওয়ার ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হলে হাইকোর্টের কাছ থেকে ব্যাখ্যা দিয়ে দুই দফায় সর্বোচ্চ ৬০ দিন সময় নেয়া যাবে। সেক্ষেত্রে তদন্তের জন্য ৩০ দিন সময় নির্ধারণ করে দেওয়া হবে।