মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের
পাহাড় কেটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার অভিযোগে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ কর্পোরেশনের তিন কর্মকর্তাকে আসামী করে মঙ্গলবার বিকালে মামলা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষ (চউক)।
চউকের ইমারত পরিদর্শক আবু তাহের মঙ্গলবার বিকালে মূখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত সূত্র জানায়, মামলায় মেয়রের পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল, নির্বাহী প্রকৌশলী মোকতার আহমদ ও স্টেট অফিসার মাহমুদুল হককে আসামী করা হয়েছে।
মুখ্য মহানগর হাকিম মোকসেদুর রহমান মামলা গ্রহণ করে সংশ্লিষ্ট পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
মামলায় বিবরণীতে উল্লেখ করা হয়, সিটি কর্পোরেশন চউকের অনুমোদন ছাড়া বেআইনিভাবে পাহাড় কেটে পাহাড়তলী মৌজায় লেক ভিউ হাউজিং সোসাইটি নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলছে।
ইমারত আইন ভঙ্গ করে আবাসিক প্রকল্প তৈরি এবং প্লট বরাদ্দের দায়ে ইমারত আইনে মেয়র ও কর্পোরেশনের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নফহবংি২৪.পড়স -কে বলেন, “আমি মামলার বিষয়ে বিস্তারিত শুনিনি। তবে আমার বিরুদ্ধে যে কারোও মামলা করার অধিকার আছে।”
লেক সিটি আবাসিক প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এর জন্য সিডিএর অনুমোদন আছে।সিটি কর্পোরেশন জায়গাটি কিনে নিয়ে আবাসিক প্রকল্পের প্লট তৈরির কাজ করছে।
মেয়র বলেন, “আমার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমোদন লাগবে। আমি জানি না তারা (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) বিধি মোতাবেক অনুমতি নিয়েছেন কি না।”
মেয়র মহিউদ্দিন জায়গাটি চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ূন চৌধুরীর কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন। পাহাড় কাটার বিষয়ে তিনি বলেন, সেখানে কোনো ধরনের পাহাড় কাটা হচ্ছে না।
এ প্রকল্পের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছে বলেও তিনি দাবি করেন।
