২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুতল ভবনে জরুরি নির্গমন পথ নির্মাণ বাধ্যতামূলক হচ্ছে

বহুতল ভবনে জরুরি নির্গমন পথ নির্মাণ বাধ্যতামুলক করা হবে। এছাড়া যেসব ভবনের সিড়ি লোহার কলাপসেবল গেট দিয়ে বন্ধ রাখা হয়, অফিস চলার সময়ে সে সব গেট খোলা রাখাও হবে বাধ্যতামূলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 10:44 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সোমবার রাজধানীর বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই সর্তকতামূলক পদক্ষেপ গ্রহণের কথা জানান উপদেষ্টা তপন চৌধুরী।

মঙ্গলবার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা কক্ষে শেভরনের প্রতিনিধি এনড্রু এল ফাওথুপের সঙ্গে এক বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিরি আরও জানান, ইতিমধ্যে নির্মীয়মান বহুতল ভবনগুলোকে কঠোরভাবে ভবন নির্মাণ নীতিমালা  মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, “উদ্ধারকার্যে ব্যবহৃত সরঞ্জামের যথেষ্ট স্বল্পতা রয়েছে। বিশেষ করে সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের সময়  অগ্নিনির্বাপক যন্ত্রপাতির স্বল্পতা প্রকটভাবে লক্ষ্য করা গেছে।”

জ্বালানি উপদেষ্টা আরও জানান, সশস্ত্রবাহিনী উদ্ধারকার্যের প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা করছে। একই সঙ্গে দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি কেনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ২৪ ঘণ্টায় মধ্যে প্রতিবেদন  দেওয়ার কথা রয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই প্রতিবেদন তার হাতে পৌঁছে নি বলে জানান তপন চৌধুরী।