আগে সংস্কার পরে নির্বাচন : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করা সম্ভব নয়। চট্টগামে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এই মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তিদের নির্বাচন সংক্রান্ত বক্তব্যের জবাবে ফখরুদ্দীন আহমদ বলেন, “আমি মনে করি আমাদের মতো জনগণও সংস্কার চায়। আর নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংস্কার সম্ভব নয়। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরূপ দেয়ার প্রয়োজনেই সংস্কার এখন জরুরি হয়ে পড়েছে।”
উপস্থিত সুধীজনদের প্রতি তিনি প্রশ্ন রাখেন, “শুধু নির্বাচন অনুষ্ঠানই কি সুষ্ঠু গণতন্ত্রের একমাত্র মাপকাঠি? এরপর তিনি মন্তব্য করেন, “যদি তাই হতো তাহলে দেশে গণতন্ত্র থাকত এবং আজকে রাজনীতির এ রকম দশা হতো না।”
তিনি বলেন, যাতে ভোটের দিন সকলে মুক্ত মনে, ভয়--ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারে এবং জাল ভোটের সম্ভাবনা না থাকে-- সে রকম পরিবেশ তৈরির জন্যই তার সরকার কাজ করে চলছে।
তিনি জানান, পরবর্তী নির্বাচিত সরকারের সময়ে যাতে সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় থাকে সেজন্য সুশীল সমাজের দেওয়া প্রস্তাবগুলো তাদের বিবেচনায় থাকবে।
এ প্রসঙ্গে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশন সংস্কার ও পুর্নগঠন করার প্রসঙ্গ টেনে বলেন এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ তাদের নিজেদের ঘর ঠিক করা।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এটি দেশের জাতীয় সম্পদ। তাই একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বন্দর নিয়ে যাতে কোনোভাবেই টালবাহানা না হয় সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মঙ্গলবার সকালে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিকালে প্রায় দেড় ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ ছাড়াও দুনীর্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী, মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদিউল আলম, চিটাগাং চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, বিজিএমইএ নেতা মাহবুব আলী, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী এবং নারীনেত্রী, এনজিও কর্মী, ডাক্তারসহ ৫৩ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সংস্থাপনসচিব এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারও এসময় উপস্থিত ছিলেন।
সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রধান উপদেষ্টাকে সবরকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন “বন্দরে কোনো রকম হরতাল ধর্মঘট হবে না, বন্দর বন্ধ হবে না।”
তিনি জব্দ করা ভালো পণ্যসমূহ গুদাম থেকে ছেড়ে দেয়ার ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
এরআগে সকালে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্কিট হাউজে এক বৈঠকে বলেন, সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগে জনগণের প্রত্যাশা বেড়ে গেছে। এ থেকে অনুপ্রাণিত হয়ে আইন-- শৃংখলা পরিস্থিতির টেকসই উন্নয়নে আরও মনোযোগী হতে হবে।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের তথ্য ও উপাত্তের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়া ও পন্থা অনুসরণ করে জনকল্যাণে জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে সরকার, সরকারি দল আর প্রশাসনকে এক করে দেখার যে প্রবণতা আমরা লক্ষ্য করেছি তা দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকাশে একটি বিরাট অন্তরায় হিসেবে আবির্ভুত হয়েছে।”
সেজন্য প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বিবেক ও নীতি নৈতিকতার প্রতি বিশ্বস্ত থেকে কোনো দলীয় স্বার্থ যাতে কোনো সিদ্ধান্তকে প্রভাবিত না করে এবং কর্মকাণ্ড যাতে পক্ষপাতদুষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন।
লিখিত বক্তব্যে সকল পর্যায়ে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “একইসঙ্গে দুর্নীতির বৃত্ত ভাঙ্গতেও আপনাদের সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।”
বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভাগীয় পর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কর্মসূচীর অংশ হিসাবে প্রধান উপদেষ্টা মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের সকল জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠকে মিলিত হন।
দেশের আর্থ-- সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে চট্টগ্রামের গৌরবময় ঐতিহ্যের কথা জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিকাশে প্রাচীনকাল থেকেই এই নগরী বিশিষ্ট ভূমিকা পালন করে আসছে।
বৈঠকে তিনি বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, সংঘাতময় ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে। আমাদের সরকার একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত পরিবেশ ও সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য ক্ষেত্র তৈরিতে এখন নিরন্তর কাজ চলছে।
সামগ্রিক পরিবহন খাত ও বন্দরগুলোকে সর্বোচ্চ মাত্রায় সচল রাখার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নদী, সমুদ্র ও স্থল বন্দরগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এর সঙ্গে জড়িত কাস্টমসসহ অন্যান্য সরকারি এজেন্সিকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি খাতকে সামাজিকভাবে দায়বদ্ধ ও নৈতিকতা সম্পন্ন ব্যবসায়ীদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ঘটাতে হবে।
তিনি সাধারণভাবে পণ্যের সরবরাহে যাতে বিঘিœত না হয় সেজন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে জরুরী পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এ সকল বিষয়ে সরকারি কর্মকর্তাদের কোনো শিথিলতা সরকার বরদাস্ত করবে না।
ড. ফখরুদ্দীন আহমদ বলেন, “প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী এবং জনগণের সেবক হিসেবে এসব ক্ষেত্রে আপনাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই জাতির প্রত্যাশা অনুযায়ী একটি আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণে অগ্রসর হতে হবে।”
তিনি সমাজে শান্তি--শৃংখলা বজায় রাখা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগনের উন্নয়ন আকাংখা বাস্তবায়নে সরকারী কর্মকর্তাদের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক মূল্যবোধের দ্রুত অবক্ষয় এবং রাজনীতির দুর্বৃত্তায়নের ফলে জাতির গণতান্ত্রিক বিকাশ ও উন্নয়ন-আকাঙ্খার বাস্তবায়ন পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। এই অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে জাতিকে অবশ্যই মুক্ত করতে হবে। তা না হলে আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না।
প্রধান উপদেষ্টা নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এ লক্ষ্যে উৎপাদন, মজুত সরবরাহ ও বাজারজাত করণ প্রতিটি পর্যায়েই দক্ষতা বাড়াতে হবে।
দিনব্যাপী সফরশেষে প্রধান উপদেষ্টা বিকালে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যান। ১২ জানুয়ারি প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমবারের মত চট্টগ্রাম সফর করলেন।
