গুলশানে উচ্ছেদকালে নর্থসাউথের ছাত্রদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
রাজধানীর গুলশানে সোমবার উচ্ছেদ অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী সামান্য আহত হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানকারী দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভবনের অনুনোমোদিত অংশ ভাঙার সময় সংঘর্ষের সূত্রপাত হয়।
ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে রাজউকের দল সোমবার সকাল থেকে গুলশানে বেশকয়েকটি বহুতল ভবনের অবৈধ অংশ ভাঙার পর বিকেল পাঁচটার দিকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ভবনের বেজমেন্টে অনুনোমোদিতভাবে গড়ে তোলা স্থাপনা ভাঙতে যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষক স্থাপনা অপসারণের জন্য রাজউক কর্মকর্তাদের কাছে সাত দিন সময় চান। কিন্তু রাজউকের দল স্থাপনা ভাঙা শুরু করলে শতাধিক শিক্ষার্থী নিরাপত্তা বাহিনীদের সদস্যদের লক্ষ্য করে ইট--পাটকেল ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ সদস্যরা এ সময় তাদের লাঠিপেটা করে বলে জানা গেছে।
রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর নফহবংি২৪.পড়স কে বলেন, “নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অবৈধ স্থাপনা ভাঙার সময় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। তবে কোন সংঘর্ষ হয়নি।”
এর আগে রাজউকের দল সোমবার সকাল ১০টায় গুলশান এক নম্বারে ১৭ নং সড়কের দুপাশের অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করে। সেনাবাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিয়ে অভিযানকারী দল ১৭ নাম্বার সড়কে বহুতল সেরিনা হোটেল, ইকবাল টাওয়ার এবং মিড টাওয়ারসহ কমপক্ষে ১০ টি বহুতল ভবনের অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এছাড়া ১৭ নং সড়কের মাথায় ডিসিসি মার্কেটের বিপরীতে রাজউকের প্রায় ১০ কাঠা জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা ১২ টি টিনশেড আধাপাকা দোকান ভেঙে দেওয়া হয়।
