২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নদী ও জীবন’ প্রকল্পের প্রাথমিক তথ্য-উপাত্ত প্রকাশ

বাংলাদেশের চর ভূমিতে বসবাস করছে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এই চরগুলোয় বসবাসকারী প্রায় ৪৬ শতাংশ পরিবারই হতদরিদ্র এবং ৭৫ শতাংশ নিরক্ষর। নেই স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা। কিন্তু সরকার, দাতা সংস্থা ও সুশীল সমাজ চরবাসীর দিকে একটু সুনজর দিলে তারাও দেশের কৃষি ও পর্যটন শিল্পে বিশেষ ভূমিকা রাখতে পারবেন।

সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ মত প্রকাশ করেছেন।

কর্মশালায় নদী ও জীবন প্রকল্প থেকে পাওয়া প্রাথমিক তথ্য--উপাত্ত প্রকাশ করা হয়। প্রকল্পের অধীনে নীলফামারী, লালমনিরহাট ও পাবনা জেলার মোট ৫১ টি চরের মানুষকে নিয়ে গবেষণা করা হচ্ছে।

অনুষ্ঠানে “চর এলায়েন্স” নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিরন ক্রলি।

কর্মশালায় বক্তারা বলেন, চর কোন বিচ্ছিন্ন সমস্যা নয়। সরকার এখনই উদ্যোগী না হলে বাংলাদেশ নামক বিশাল চরটি হুমকির মুখে পড়বে। খাস জমি চরের মানুষদের দিতে হবে। ক্ষুদ্রঋণ দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক, ব্রাক,আশা ও প্রশিকাকে নিয়ে যেতে হবে। শক্তিশালী করতে হবে যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় সরকার কাঠামো। বরাদ্দ করতে হবে বিশেষ বাজেট।

উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান অধ্যাপক আতিউর রহমান বলেন, চরের মানুষকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে পারব না। জোর করে হলেও আমরা তাদের উন্নয়নের মূলধারায় নিয়ে আসবো।